সুপ্রিম কোর্টের সামনে থেকে গ্রিক মূর্তি অপসারণের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুপ্রিম কোর্টের সামনে থেকে গ্রিক মূর্তি অপসারণের দাবি জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। অন্যথায় গণ-আন্দোলনের মাধ্যমে সরকার পতনের আন্দোলনের ডাক দেওয়া হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন সংগঠনটির সিনিয়র নায়েবে আমির আল্লামা মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম কাসেমী।

গতকাল বৃহস্পতিবার বিকেলে নারায়ণগঞ্জ নগরের চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জ জেলা শাখার ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ও ভাষাশহীদদের স্মরণে সাংস্কৃতিক সন্ধ্যায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম (চরমোনাই পীর)।

সংগঠনের জেলা সভাপতি মুহাম্মাদ ওমর ফারুকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মদ ইমদাদুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাহবুবুর রহমান। প্রধান বক্তা ছিলেন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন কেন্দ্রীয় কমিটির সভাপতি জি এম রুহুল আমীন। অন্যদের মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মুফতি মাসুম বিল্লাহ, সেক্রেটারি মুহাম্মদ সুলতান মাহমুদ, ছাত্র ও যুববিষয়ক সম্পাদক মুহাম্মদ আবদুল হান্নান প্রমুখ উপস্থিত ছিলেন।