দেশের ৪৮৫টি উপজেলার সব কটি ইউনিয়নের ৪ হাজার ৫২৭টি গ্রামে ‘একটি বাড়ি একটি খামার’ প্রকল্প চালু আছে। ২০১০ সালে শুরু হওয়া এ প্রকল্পে ইতিমধ্যে ৪ হাজার ২১৩টি গ্রাম উন্নয়ন সমিতি গঠিত হয়েছে। প্রতিটি দরিদ্র পরিবার থেকে একজন করে সদস্য নিয়ে প্রকল্পের সুবিধাভোগীর সংখ্যা এখন ২২ লাখ। এ প্রকল্পের মাধ্যমে সুফল পাচ্ছে ১ কোটি ১০ লাখ মানুষ। সদস্যরা সমিতিতে জমা করেছেন ১ হাজার ১০৬ কোটি টাকা। এ তথ্য জানিয়েছেন পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব প্রশান্ত কুমার রায়।
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সনমান্দি ইউনিয়নের সনমান্দি গ্রামে বিভিন্ন প্রকল্প পরিদর্শন ও সুফলভোগী মানুষদের নিয়ে গতকাল বুধবার সকালে উঠান বৈঠকের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন সচিব প্রশান্ত কুমার রায়। আরও বক্তব্য দেন ‘একটি বাড়ি একটি খামার’ প্রকল্পের পরিচালক আকবর হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীনুর ইসলাম, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাসিমা আক্তার, সনমান্দি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ প্রমুখ।
প্রশান্ত কুমার রায় আরও বলেন, এ বছর এ প্রকল্পের জন্য সরকার অতিরিক্ত পাঁচ হাজার কোটি টাকা বরাদ্দ করেছে। ২০২০ সালের মধ্যে অতিরিক্ত ৩৬ লাখ পরিবার এ প্রকল্পের সুবিধা ভোগ করতে পারবে।
উঠান বৈঠকে সনমান্দি গ্রামের আনোয়ারা বেগম বলেন, ‘এ প্রকল্প থেকে ঋণ নিয়ে আমি গরু ও ছাগল পালন করে স্বাবলম্বী হয়েছি। আমার মতো এ ইউনিয়নের কয়েক শ নারীও স্বাবলম্বী হয়েছেন।’
ইউএনও শাহীনুর ইসলাম বলেন, সনমান্দি ইউনিয়নে নয়টি সমিতির মাধ্যমে ৯২ লাখ ৫৫ হাজার টাকার তহবিল গঠন করা হয়েছে। সমিতির হতদরিদ্র সদস্যরা অনলাইন ব্যাংকিংয়ের মাধ্যমে ঋণ গ্রহণ, ঋণের কিস্তি জমা ও সঞ্চয়ের অর্থ জমা করতে পারবেন।