সুফল পাচ্ছেন না কৃষক বাড়ছে সেচ খরচ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলনবিলের বুক চিরে বয়ে যাওয়া আত্রাই নদীর ওপর রাবার ড্যাম স্থাপন হলেও কৃষকেরা তেমন সুফল পাচ্ছেন না বলে অভিযোগ পাওয়া গেছে। নানা অব্যবস্থাপনা আর পানিপ্রবাহের নালাগুলো সংস্কার না করায় এ অবস্থার সৃষ্টি হয়েছে।খুবজীপুর গ্রামের কৃষক আবদুল কুদ্দুস বলেন, নদীসহ খালগুলো সংস্কার না করায় রাবার ড্যামে আটকানো পানি দিয়ে কৃষক সেচ দিতে পারছেন না। সব মিলিয়ে চলনবিলের শতকরা ১০ ভাগ কৃষক কোনো রকমে সুবিধা ভোগ করছেন। অন্য কৃষকেরা গভীর-অগভীর নলকূপের পানির ওপর নির্ভরশীল হয়ে আবাদ করছেন। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) কার্যালয় সূত্রে জানা গেছে, কৃষি মন্ত্রণালয় ২০০২ সালে নাটোরের গুরুদাসপুর উপজেলার বিয়াঘাট ইউনিয়নের যোগেন্দ্রনগরে প্রায় চার কোটি টাকা ব্যয়ে ৪৫ মিটার দৈর্ঘ্য ও সাড়ে সাত মিটার প্রস্থ রাবার ড্যাম স্থাপনের উদ্যোগ নেয়। ২০০৪ সালের ফেব্রুয়ারি মাসে রাবার ড্যামটি চালু হয়। এর ফলে চলনবিলের গুরুদাসপুর, সিংড়া, তাড়াশ ও চাটমোহর (কিছু অংশ) উপজেলার ১৫ হাজার হেক্টর জমি সহজ সেচের আওতায় আসে। সরেজমিনে দেখা গেছে, যোগেন্দ্রনগর এলাকায় আত্রাই নদীতে স্থাপিত রাবার ড্যামসংলগ্ন মরা-আত্রাই নদীর উৎসমুখ পলি জমে ভরাট হয়ে গেছে। তা ছাড়া চলনবিলের ভেতর দিয়ে প্রবাহিত আত্রাই, নন্দকুঁজা, গুমানী, ভদ্রাবতী, বেশানী নদীসহ প্রায় ১৭টি নালা দীর্ঘ দিন সংস্কার না করায় পলি জমে ভরাট হয়ে গেছে। খালগুলোতে পানি নেই। নালাগুলো শুকিয়ে যাওয়ায় কৃষক গর্ত করে মাটির নিচে (ড্র-ডাউন) সেচযন্ত্র বসিয়ে কোনো রকমে বোরোর খেতে সেচ দিচ্ছেন।বিলসা গ্রামের কৃষক আক্কাছ আলী জানান, তিনি ১৮ বিঘা জমিতে বোরো ধান আবাদ করেছেন। রাবার ড্যাম চালুর পর তিনি বিলসা কাটা নদীর পানি সেচ দিয়ে আবাদ করেছেন। তখন প্রতি বিঘায় জ্বালানি খরচ হয়েছে ২৫০ লিটার ডিজেল। এখন ক্যানেলে পানি না থাকায় গভীর-অগভীর নলকূপ থেকে পানি উত্তোলন করতে হচ্ছে। এতে প্রতি বিঘায় জ্বালানি খরচ হচ্ছে দুই লিটার (প্রতিদিন) করে।কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, মৌসুমের শুরু থেকে ধান পাকা পর্যন্ত প্রতি বিঘায় জ্বালানি খরচ হয় ৫০ লিটার অর্থাৎ তিন হাজার ১০০ টাকা (প্রতি লিটার ৬২ টাকা দরে)। কিন্তু উন্মুক্ত পানিতে সেচ দিতে খরচ হয় গড়ে ১৫ লিটার অর্থাৎ ৯৩০ টাকা। অতিরিক্ত খরচ হচ্ছে বিঘাপ্রতি (৩১০০-৯৩০)= ২১৭০ টাকা। ওই হিসাবে রাবার ড্যাম এলাকায় এক লাখ সাড়ে ১২ হাজার বিঘা (১৫ হাজার হেক্টর) জমিতে অতিরিক্ত সেচ খরচ লাগছে ২৪ কোটি ৪১ লাখ ২৫ হাজার টাকা। রাবার ড্যাম সেচ ব্যবস্থাপনা কমিটির সভাপতি আফজাল মেম্বর ও সাধারণ সম্পাদক সাজদার হোসেন বলেন, চলনবিলের ভেতর দিয়ে বয়ে যাওয়া নদী ও নালাগুলো সংস্কার না হলে রাবার ড্যামের সুবিধা কৃষক ভোগ করতে পারবেন না। গুরুদাসপুর উপজেলা কৃষি কর্মকর্তা বাবলু কুমার সূত্রধর বলেন, রাবার ড্যাম চালুর পর দুই-তিন বছর সেচসংকট ছিল না। ২০০৬ সালে রাবার ড্যাম প্রকল্পটি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) কাছে হস্তান্তরের পর কৃষকেরা ভূগর্ভের পানিতে সেচনির্ভরশীল হয়ে পড়েছেন। এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. লোকমান আলী বলেন, রাবার ড্যাম থেকে কৃষকেরা কোনো সুফল পাচ্ছেন না, অভিযোগ সঠিক নয়। তা ছাড়া রাবার ড্যামটি কৃষি ও কৃষকের সঙ্গে সম্পৃক্ত থাকায় প্রকল্পটি কৃষি বিভাগকে ২০০৮ সালে হস্তান্তর করা হয়েছে।নাটোর কৃষি বিভাগের উপপরিচালক নারায়ণ চন্দ্র বলেন, ‘আমার দপ্তরে রাবার ড্যাম প্রকল্প হস্তান্তর করা হয়নি। বরং কৃষি বিভাগই ২০০৬ সালে এলজিইডিকে রাবার ড্যাম হস্তান্তর করেছে।’নাটোর, পাবনা ও সিরাজগঞ্জ সমন্বিত কৃষি উন্নয়ন বিভাগের (পানাসী) গুরুদাসপুর অফিসের সহকারী প্রকৌশলী দ্বীন মোহামঞ্চদ বলেন, নালাগুলো সংস্কারের পরিকল্পনা নেওয়া হয়েছে।