সুফল পেয়েছে উত্তর, দক্ষিণও নির্মাণ করতে চায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফার্মগেটের টিঅ্যান্ডটি মাঠসংলগ্ন এলাকায় তৈরি একটি এসটিএস l ছবি: প্রথম আলো
ফার্মগেটের টিঅ্যান্ডটি মাঠসংলগ্ন এলাকায় তৈরি একটি এসটিএস l ছবি: প্রথম আলো

বিভিন্ন ওয়ার্ডে চালু হওয়া সেকেন্ডারি ট্রান্সফার স্টেশনগুলোর (এসটিএস) কারণে এবারের কোরবানির পশুর বর্জ্য অপসারণে বিশেষ সুবিধা পেয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন। নির্ধারিত সময়ের মধ্যে বর্জ্য অপসারণে বড় ভূমিকা রেখেছে এসটিএসগুলো। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের কর্মকর্তারা বলছেন, দক্ষিণের ওয়ার্ডগুলোতে এসটিএস থাকলে তাঁরাও বর্জ্য অপসারণে সুবিধা পেতেন।
বাসা-বাড়ি থেকে আনা ময়লা-আবর্জনা অস্থায়ীভাবে রাখার জন্য ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) বিভিন্ন ওয়ার্ডে চালু হয়েছে ৪১টি ময়লা রাখার ঘর বা সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন (এসটিএস)। এসটিএসগুলো হওয়ায় বেশির ভাগ সড়কে কোনো ময়লা-আবর্জনার কনটেইনার থাকছে না। বাসা-বাড়ি থেকে আনা ময়লা এসব স্টেশনে জড়ো করা হচ্ছে।
ডিএনসিসির বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের কর্মকর্তারা বলছেন, এবারের কোরবানির পশুর বর্জ্য দ্রুত ও নির্ধারিত সময়ে অপসারণে বিশেষ ভূমিকা রেখেছে এসটিএসগুলো। আগে কোরবানির বর্জ্য দীর্ঘ সময় সড়কে রাখায় ভয়াবহ অবস্থা হতো, এবার সেগুলো সরাসরি এসটিএসে নিয়ে আসায় পরিচ্ছন্নতা কার্যক্রম দ্রুত হয়েছে।
ঢাকা উত্তরে এবার ১ লাখ ৯৭ হাজার ৫৩৫টি পশু কোরবানি হয়েছে। গত মঙ্গলবার ঈদের দিন বেলা দুইটায় শুরু হওয়া ৪৮ ঘণ্টার বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রম বৃহস্পতিবার বেলা দুইটায় শেষ হয়। ঢাকা উত্তরে কোরবানির পশুর বর্জ্য হয়েছে প্রায় ৮ হাজার টন।
ডিএনসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমোডর মো. আবদুর রাজ্জাক প্রথম আলোকে বলেন, এসটিএসগুলো থাকায় অনেক সুবিধা হয়েছে। এগুলো না থাকলে কোরবানির বর্জ্য সংগ্রহ করে সড়কে ১০-১২ ঘণ্টা রাখতে হতো। ফলে দুর্গন্ধ ছড়াত, বৃষ্টির পানির সঙ্গে ময়লা মিশে পরিবেশ দূষিত হতো।
ডিএনসিসি সূত্রে জানা যায়, ৩৬টি ওয়ার্ডের প্রতিটিতে দুটি করে এসটিএস নির্মাণ করার পরিকল্পনা আছে। বর্তমানে ৪১টি এসটিএস চালু হয়েছে। আরও ১২টি এসটিএসের নির্মাণকাজ চলছে। দেড় হাজার থেকে তিন হাজার বর্গফুট আয়তনের একেকটি এসটিএস। কংক্রিটের মেঝের এসটিএসগুলো ১০ ফুট দেয়াল দিয়ে ঘেরা। ময়লার কনটেইনারবাহী গাড়িগুলো সরাসরি এর ভেতরে প্রবেশ করতে পারে। ময়লা পরিষ্কারের পর পানি দিয়ে ধুয়ে ফেলার ব্যবস্থা আছে।
উত্তরের মতো ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন করার উদ্যোগ নিয়েছে। দক্ষিণের হাজারীবাগ এলাকায় একটি এসটিএস চালু হয়েছে। ডিএসসিসির বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের কর্মকর্তারা বলছেন, দক্ষিণের ওয়ার্ডগুলোতে এসটিএস থাকলে তাঁরাও এবারের কোরবানির বর্জ্য অপসারণে সুবিধা পেতেন।
দক্ষিণের মেয়র সাঈদ খোকন গত বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে বলেন, ঢাকা দক্ষিণে এবার ২ লাখ ৪০ হাজার পশু কোরবানি হয়েছে। ডিএসসিসি এলাকায় এবারের কোরবানির ঈদে বর্জ্য হয়েছে প্রায় ১৯ হাজার টন।
ডিএসসিসির অতিরিক্ত প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা খন্দকার মিল্লাদুল ইসলাম প্রথম আলোকে বলেন, সেকেন্ডারি স্টেশন থাকলে বর্জ্য ব্যবস্থাপনায় সুবিধা হতো। এখন ৪৮ ঘণ্টায় কোরবানির বর্জ্য অপসারণ করা হচ্ছে, এসটিএসগুলো থাকলে ৩০ ঘণ্টার মধ্যেই কোরবানির বর্জ্য সরানো যেত।
ডিএসসিসি সূত্রে জানা যায়, এসটিএস নির্মাণ করার জন্য দক্ষিণের বিভিন্ন ওয়ার্ডে জায়গা নির্ধারণ করা হয়েছে। নির্ধারিত জায়গাগুলো বিভিন্ন সরকারি সংস্থার হওয়ায় ব্যবহারের অনুমতি পেতে সমস্যা হচ্ছে। এসটিএসের নির্মাণের জমি পেতে ওই সব সংস্থার সঙ্গে ডিএসসিসি আলোচনা চালিয়ে যাচ্ছে।