সুফি গানের সুরে ধ্রুপদী নৃত্যের মেলবন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিল্পকলা একাডেমীর নাট্যশালার মঞ্চ ফুলে ফুলে সাজানো। অতিথিরা এসে গেছেন। আসন পূর্ণ। বাইরে বসন্তের মিষ্টি হাওয়া। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় এই চমত্কার পরিবেশে ভেসে এল ঐতিহ্যবাহী সুফি গানের সুর। সঙ্গে নূপুরের নিক্বণ। মঞ্চে এলেন শিল্পী মঞ্জুরি চতুর্বেদী।ভারতের সুপরিচিত নৃত্যশিল্পী মঞ্জুরি চতুর্বেদী উচ্চাঙ্গ কত্থক নৃত্যের ওপর প্রশিক্ষণ নিয়েছেন পণ্ডিত অর্জুন মিশ্রর কাছে। অভিনয়েও তাঁর দখলদারি আছে। তবে তিনি পরিচিতি পেয়েছেন ‘সুফিকত্থক’ নৃত্য নামের একটি বিশেষ নৃত্যধারার উদ্ভাবনের জন্য। গতকাল নাট্যশালার মঞ্চে প্রথমবারের মতো ঢাকার দর্শকদের সামনে নিজের উদ্ভাবিত এই নৃত্য পরিবেশন করেন তিনি। বাংলাদেশে ভারতীয় হাইকমিশন ও ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেসনস আয়োজিত অনুষ্ঠানের শুরুতে বক্তব্য দেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার রজিত মিত্র। সংক্ষিপ্ত বক্তব্যের পরই শুরু হয় নৃত্যানুষ্ঠান। মঞ্চের বাঁ পাশে ছিলেন সংগীত ও যন্ত্রশিল্পীরা। তাঁদের পরিবেশিত সংগীতের সঙ্গে নৃত্য পরিবেশন করেন মঞ্জুরি চতুর্বেদী। কখনো রাজস্থান ও কাশ্মীরের সুফি সংগীত, কখনো কাওয়ালি, পাঞ্জাবের বুল্লি শাহর কবিতা কিংবা কখনো ইরানের আধ্যাত্মিক সংগীতের সঙ্গে সমন্বয় করে নৃত্য পরিবেশনা। তাঁর এই নতুন ধারার নৃত্য উপভোগ করেছেন ঢাকার দর্শকেরা।জমজমাট ‘ভাটি বাংলা বাউল উত্সব’ ‘শুঁয়া চান পাখি, আমি ডাকিতাছি তুমি ঘুমাইছ নাকি’, ‘কোন মেস্তরি নাও বানাইলো কেমন দেখা যায়’—এমন অনেক লোকগানে মুখর হয়েছিল গুলশানের ক্যাডেট কলেজ ক্লাব মিলনায়তন। সেখানে গতকাল সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত গান করেছেন বাউলশিল্পীরা। প্রচলিত লোকগানে মেতে ছিলেন শহুরে শ্রোতারা।ভাটি অঞ্চলে এখনো অনেক বাউল গ্রামে ঘুরে ঘুরে গান করেন। গ্রামের মানুষ সেই গানের সঙ্গে পরিচিত হলেও নাগরিক সমাজ তার স্বাদ পায় না। শহরের শ্রোতাদের এই বাউলদের গান শোনানোর জন্য আয়োজন করা হয়েছিল ‘ভাটি বাংলা বাউল উত্সব’। উত্সবে গান করেন বাউল আবদুর রহমান, রণেশ ঠাকুর, সিরাজউদ্দিন, সূর্য লাল, বুশরা আক্তার, হারুন মিয়া, লিপি বিশ্বাস, জহুরা আক্তার প্রমুখ। তাঁরা শুনিয়েছেন সৈয়দ শাহনূর, শেখ ভানু, দীনহীন, রাধারমণ দত্ত, হাসন রাজা, আরকুম শাহ, রশিদ উদ্দিন খান, উকিল মুন্সি, দুরবীন শাহ ও শাহ আবদুল করিমের গান। গানের মধ্যে ছিল ‘বিন কলিমায় দেহের পাপ না হবে মোচন’, ‘সে কি আর আসিবে গো কলংকিনী না মরিলে’, ‘বলো গো বলো গো সখি কোন বা দেশে যাই’, ‘হাসন রাজা রে কয়দিন তর আর বাকী’, ‘সুজন চিনিয়া গো রাই প্রেম করিস’, ‘আমারে নি লইবায় গো তোমার নায়’ ইত্যাদি গান।দ্বিতীয় পর্বে ছিল সিলেটের ঐতিহ্যবাহী মালজোড়া গান। আকর্ষণীয় এ পর্বের বিষয় ছিল ‘লোহা’ ও ‘সোনা’। প্রতিদ্বন্দ্বিতামূলক গানে মেতে উঠেছিলেন বাউল আবদুর রহমান ও বাউল সূর্য লাল। মধ্যরাত পর্যন্ত মেতে ছিলেন দর্শকেরাও। আয়োজনের উদ্যোক্তা ও সমন্বয়কারী স্থপতি শাকুর মজিদ জানান, এই উত্সব থেকে পাওয়া অর্থ তুলে দেওয়া হবে ভাটি বাংলার বাউলদের হাতে।জয়নুল গ্যালারিতে ‘শিকড় সন্ধান’জয়নুল গ্যালারিতে গতকাল দুপুরে শুরু হয়েছে চারুকলা অনুষদের প্রাচ্যকলা বিভাগের শিক্ষক আবদুস সাত্তার, নাসরিন বেগম, আবদুল আযীয, মলয় বালা, মিজানুর রহমান ফকির ও মাসুদা খাতুনের দলীয় প্রদর্শনী। ছয় শিক্ষকের ‘শিকড় সন্ধান’ শীর্ষক এ প্রদর্শনীর উদ্বোধন করেন অধ্যাপক ইমেরিটাস সিরাজুল ইসলাম চৌধুরী।প্রদর্শনীতে স্থান পেয়েছে শিল্পীদের ২৪টি শিল্পকর্ম। ঐতিহ্যবাহী ধারা অনুসারে আঁকা এসব চিত্রকর্মে সমকালীন বাস্তবতা এবং বাংলার লোকজীবন ও সংস্কৃতির নানা বিষয় উঠে এসেছে।