কবি সুফিয়া কামাল নারী-পুরুষের বৈষম্য দূর করতে কাজ করে গেছেন। তিনি ছিলেন ঔদার্যের প্রতীক। তাঁর মধ্যে কোনো ধরনের সংকীর্ণতা ছিল না। তাই তরুণ প্রজন্মকেও উদার মনমানসিকতা তৈরির অভ্যাস করতে হবে।
গতকাল শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের মোজাফ্ফর আহমেদ চৌধুরী মিলনায়তনে আয়োজিত ‘সুফিয়া কামাল বক্তৃতামালা এবং অধ্যাপক আসাদুজ্জামান স্মৃতি বৃত্তি প্রদান’ অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। বিশ্ববিদ্যালয়ের উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগ এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে সাঈদ শেখ ইমতিয়াজ ‘রঙিন শহরের যুবক: যৌনতার চর্চা ও এইডস’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন।
অনুষ্ঠানে উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, সুফিয়া কামাল ছিলেন প্রতিবাদী। আইয়ুব খানের সামনে দাঁড়িয়েপূর্ব বাংলার প্রতিনিধি হিসেবে প্রতিবাদ করেছেন। তাঁর অবদান প্রজন্ম থেকে প্রজন্মে উপস্থাপন করাই সবার দায়িত্ব।
সুফিয়া কামালের মেয়ে এবং আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক সুলতানা কামাল বলেন, ‘আমার মা নারীর ক্ষমতায়ন, শিশুর অধিকার ও নারী-পুরুষের বৈষম্য দূর করতে কাজ করে গেছেন।
অধ্যাপক আসাদুজ্জামান স্মৃতি বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী জিয়াউর রহমান, সামিয়াতুন রাসনা ইতি, কৃষ্ণ রানী বর্মণ, মো. সাদ্দাম হুসাইন।
বিভাগের চেয়ারপারসন তানিয়া হক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।