
প্রথম আলোর অভয়নগর প্রতিনিধি মাসুদ আলম হত্যাচেষ্টা মামলায় সুফিয়ান বাহিনীর প্রধান সুফিয়ান ফকিরকে গতকাল বুধবার পুলিশ দুই দিনের রিমান্ডে নিয়েছে। সাত দিনের রিমান্ড আবেদন করা হলে আদালত দুই দিন মঞ্জুর করেন। এর আগে মঙ্গলবার সন্ধ্যায় অভয়নগর থানার পুলিশ উপজেলার ধোপাদী বাজার থেকে সুফিয়ানকে আটক করে। পরে ওই রাতেই তাঁর স্বীকারোক্তি অনুযায়ী ধোপাদী গ্রামের রূপসা পোলট্রি ফার্মের পশ্চিম পাশের দেয়ালের কাছ থেকে একটি দেশি পাইপগান, দুটি গুলি ও তিনটি রামদা উদ্ধার করে পুলিশ। অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী আবদুস ছালেক বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সুফিয়ান সুন্দলি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান পরিতোষের নির্দেশে তাঁর বাহিনীর সদস্যদের নিয়ে সাংবাদিক মাসুদ আলমের ওপর হামলার কথা স্বীকার করেছেন। তিনি জানান, সুফিয়ানকে জিজ্ঞাসাবাদ করা হলে আরও অনেক জরুরি তথ্য পাওয়া যাবে এবং পলাতক অন্য দুই আসামিকে গ্রেপ্তার করা সহজ হবে। অনুসন্ধানে জানা যায়, উপজেলার ধোপাদী গ্রামের কাঠ ব্যবসায়ী ওমর আলীর ছেলে, একসময়ের ছিঁচকে চোর আবু সুফিয়ান বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকে এলাকায় ফেনসিডিল, গাঁজাসহ বিভিন্ন মাদকের ব্যবসা শুরু করেন। তবে নওয়াপাড়া বাজারের একটি হোটেলে ঢুকে হুমায়ুন কবীর ওরফে খোকন নামে এক যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যা করার পর সন্ত্রাসী হিসেবে আলোচনায় আসেন। এ ঘটনায় ২০১১ সালের ১১ নভেম্বর অভয়নগর থানায় করা একটি মামলার অভিযোগপত্রে সুফিয়ান পরোয়ানাভুক্ত আসামি।
২৮ মার্চ সুফিয়ানের নেতৃত্বে মাসুদ আলমের ওপর হামলা হয়। এ ঘটনায় মাসুদের শরীরের নিচের অংশ মারাত্মক জখম হয় এবং বাঁ হাত ভেঙে যায়। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে চিকিৎসার জন্য যশোরের ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতাল এবং সেখান থেকে ঢাকায় বারডেম হাসপাতালে স্থানান্তর করা হয়। অবশেষে ভারতের ভেলর থেকে চিকিৎসা নিয়ে ৫ জুলাই দেশে ফেরেন তিনি। এখনো পুরোপুরি সুস্থ নন তিনি।
এ ঘটনায় মাসুদের বড় ভাই শেখ নূর আলম অভয়নগর থানায় মামলা করেন। পরে মামলাটি যশোরের গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। ১০ জনকে অভিযুক্ত করে গত ৩১ মে আদালতে অভিযোগপত্র দেওয়া হয়। অভিযুক্তদের মধ্যে পরিতোষ বিশ্বাস, মো. হান্নান মোল্ল্লা, মনিরুল ইসলাম, জাহিদ শেখ, আজিজুর শেখ, আমিনউদ্দিন ও মো. সাগর জামিনে রয়েছেন। মো. শাহিন ও ইয়াছিন আলী পলাতক রয়েছেন।