‘সুফিবাদ আজ এক সীমান্তভেদী আদর্শের নাম। নানা রীতি ও পদ্ধতিতে সুফিরা মূলত অখণ্ড মানবতার নিষ্ঠ সাধক। আজকের কলহের পৃথিবীতে সুফিদের উদার-অসাম্প্রদায়িক মতবাদ আমাদের সবাইকে শান্তির পথ নির্দেশ করতে পারে।’বাংলা একাডেমী আয়োজিত আন্তর্জাতিক ফোকলোর সম্মেলনের শেষ দিনে সুফিবাদ নিয়ে আলোচনায় এমন মন্তব্য করেন সম্মেলনে অংশ নেওয়া বক্তারা। বক্তারা ফোকলোর বিশ্বের নিয়ত পরিবর্তনশীল বিষয়গুলো আত্মস্থ করার ওপর গুরুত্বারোপ করেন।দেশ-বিদেশের প্রথিতযশা ফোকলোরবিদদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আর পরস্পরের অভিজ্ঞতা বিনিময়ের মধ্য দিয়ে গতকাল সোমবার শেষ হলো আন্তর্জাতিক ফোকলোর সম্মেলন। শেষ দিনে গতকাল সকালে একাডেমীর কবি শামসুর রাহমান সেমিনার কক্ষে ‘ফোকলোর আর্কাইভস ও তথ্যপ্রযুক্তি এবং ফোকলোরে বিশ্বায়নের প্রভাব’ শীর্ষক কনফারেন্স সেশন অনুষ্ঠিত হয়। এতে পাঁচটি পৃথক প্রবন্ধ উপস্থাপন করেন কবি মুহাম্মদ নুরুল হুদা, ফোকলোরবিদ উইলিয়াম ওয়েস্টারম্যান, মাহবুবুল হক, সাইফুদ্দিন চৌধুরী এবং মোস্তফা তারিকুল আহসান। আলোচনায় অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ফকরুল আলম। এ অধিবেশনে সভাপতিত্ব করেন অধ্যাপক মার্গারেট এ মিলস।