সুফিয়া কামাল আমাদের সাহস ও প্রেরণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কবি সুফিয়া কামালের মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে গতকাল স্মরণসভা শুরুর আগে তাঁর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন নারীনেত্রীরা ষ প্রথম আলো
কবি সুফিয়া কামালের মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে গতকাল স্মরণসভা শুরুর আগে তাঁর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন নারীনেত্রীরা ষ প্রথম আলো

সুফিয়া কামাল আমাদের সাহস ও প্রেরণা। তিনি আমাদের অস্তিত্বে মিশে আছেন। বর্তমানে নারীরা যে অবস্থানে দাঁড়িয়ে কথা বলছেন, তা এই মানুষটিরই অবদান।
গতকাল বুধবার গণতান্ত্রিক, সাংস্কৃতিক ও নারীমুক্তি আন্দোলনের পুরোধা ব্যক্তিত্ব কবি সুফিয়া কামালের ১৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় আলোচকেরা এসব কথা বলেন।
বিকেলে ৬৭টি নারী, মানবাধিকার এবং উন্নয়ন সংগঠনের সমন্বয়ে গঠিত সামাজিক প্রতিরোধ কমিটির উদ্যোগে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এ স্মরণসভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন বাংলাদেশ মহিলা পরিষদের উপদেষ্টামণ্ডলীর সদস্য সেলিনা খালেক। সভায় কবির প্রতি শ্রদ্ধা জানিয়ে গান গাওয়া হয় এবং তাঁর রচিত সাহিত্য থেকে পাঠ করা হয়।
সভার প্রস্তাব পড়ে শোনান স্টেপস টুয়ার্ডস ডেভেলপমেন্টের চন্দন লাহিড়ি। প্রস্তাবে পাবনার সাঁথিয়া, লালমনিরহাটসহ দেশের বিভিন্ন স্থানে উদ্দেশ্যপ্রণোদিতভাবে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর চালানো হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। একাত্তরের যুদ্ধাপরাধী ও মানবতাবিরোধী জঘন্য অপরাধীদের বর্জনেরও আহ্বান এবং রাজনীতিতে ধর্মের ব্যবহার নিষিদ্ধ করার ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে। প্রস্তাবে নারী অধিকার আদায়ে বিভিন্ন দাবি উত্থাপন করা হয়।
জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান মমতাজ বেগম, মহিলা পরিষদের সভাপতি আয়শা খানম, আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক এবং কবিকন্যা সুলতানা কামাল, জাতীয় মহিলা আইনজীবী সমিতির নির্বাহী পরিচালক সালমা আলী, পিপ ট্রাস্টের নির্বাহী পরিচালক অ্যারোমা দত্ত প্রমুখ আলোচনায় অংশ নেন।
গতকাল সকালে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের প্রতিনিধিরা আজিমপুর কবরস্থানে গিয়ে জোটের প্রতিষ্ঠাতা সদস্য কবি সুফিয়া কামালের প্রতি শ্রদ্ধা জানান। জোটের সহসভাপতি সৈয়দ হাসান ইমাম, জাহাঙ্গীর আলম, সুলতানা কামাল প্রমুখ উপস্থিত ছিলেন।