সুফিয়া কামাল, জাহানারা ইমাম পথ দেখিয়েছেন, উজ্জীবিত করেছেন
যুদ্ধাপরাধীদের বিচারের পক্ষে জনমত তৈরি করে তা আন্দোলনে রূপ দিয়েছিলেন জননীসাহসিকা সুফিয়া কামাল। আর ওই আন্দোলনকে গণ-আদালতের মাধ্যমে প্রতিষ্ঠা দিয়েছিলেন শহীদজননী জাহানারা ইমাম। এই দুজনের দেখানো পথেই দেশে আজ যুদ্ধাপরাধীদের বিচার হচ্ছে। মুক্তিযুদ্ধ জাদুঘর আয়োজিত সুফিয়া কামাল ও জাহানারা ইমাম স্মরণসভায় বক্তারা এসব কথা বলেছেন।
সভায় দেওয়া বক্তব্যে সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানী বলেন, ‘আজকে আমাদের সবকিছু কেমন যেন থিতিয়ে পড়েছে। এই সময়ে সুফিয়া কামাল ও জাহানারা ইমামের মতো নেতৃত্ব দরকার, যাঁরা টেকনাফ থেকে তেঁতুলিয়া ঘুরে বেড়িয়ে দেশের অসমাপ্ত কাজগুলো শেষ করার জন্য জনগণকে উজ্জীবিত করবেন।’
যুদ্ধাপরাধীদের বিচারের গণ-আদালত আন্দোলনের প্রেক্ষাপট তুলে ধরতে গিয়ে কামাল লোহানী বলেন, এই আন্দোলন গড়ে ওঠার সময়ে সংগঠকেরা নেতৃত্ব নেওয়ার আহ্বান জানিয়ে প্রথমে সুফিয়া কামালের কাছে যান। সুফিয়া কামাল আন্দোলনে নেতৃত্ব দেওয়ার জন্য জাহানারা ইমামের নাম প্রস্তাব করেন। শরীরে ক্যানসারের জীবাণু নিয়েও জাহানারা ইমাম জনমত গড়তে সারা দেশ চষে বেড়ান।
আলোচনায় কবি ও স্থপতি রবিউল হুসাইন দেশের প্রগতিশীল বিভিন্ন আন্দোলনে সুফিয়া কামাল ও জাহানারা ইমামের অবদানের কথা তুলে ধরেন। ছায়ানট, মুক্তিযুদ্ধ জাদুঘর থেকে শুরু করে অনেক গুরুত্বপূর্ণ জাতীয় প্রতিষ্ঠান গড়ে তোলার জন্য এই দুই মহীয়সী কাজ করেছেন।
রবিউল হুসাইন আরও বলেন, জাহানারা ইমাম গণ-আদালতের আন্দোলনের মধ্য দিয়ে স্বাধীনতার পক্ষের সব শক্তিকে একত্র করেছিলেন। সফলভাবে সব শক্তিকে সংগঠিত করে আন্দোলন পরিচালনা করেছিলেন। তাঁর আন্দোলনের পথ ধরেই দেশের শীর্ষস্থানীয় যুদ্ধাপরাধীদের বিচার হয়েছে। আরও অনেকের বিচারপ্রক্রিয়া চলছে।
অনুষ্ঠানে জাহানারা ইমামের একাত্তরের দিনলিপি থেকে আবৃত্তি করে শোনান আবৃত্তিশিল্পী মাহমুদা সিদ্দিক। যুক্তিযুদ্ধ জাদুঘরের রফিকুল ইসলামের সঞ্চালনায় এই আলোচনা শেষে শিশু-কিশোরেরা দেশাত্মবোধক গান গেয়ে শোনায়।