সুফিয়া কামাল পথ তৈরি করেছেন
কবি সুফিয়া কামাল নারী জাগরণ ও সম-অধিকার প্রতিষ্ঠার পাশাপাশি সাম্প্রদায়িকতা ও মৌলবাদের বিরুদ্ধেও ছিলেন আপসহীন। বর্তমান সময়ে তাঁকে স্মরণ করে সব ধরনের অন্যায়ের বিরুদ্ধে সবাইকে রুখে দাঁড়াতে হবে।
৬৮টি নারী, মানবাধিকার ও উন্নয়ন সংগঠনের প্ল্যাটফর্ম বা সামাজিক প্রতিরোধ কমিটি আয়োজিত কবি সুফিয়া কামালের মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভায় আলোচকেরা এসব কথা বলেন।
গতকাল শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতির বক্তব্যে বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি আয়শা খানম বলেন, ‘কবি সুফিয়া কামালের চরিত্রের বড় দিক হলো, তিনি আমাদের পথ দেখিয়েছেন, আমাদের জন্য পথ তৈরি করেছেন। জাতীয় জীবনেও তিনি অনেক চৌকাঠ পার হয়ে সমাজ ও জাতিকে একটি উচ্চতর ও আলোকিত অবস্থানে নিয়ে যাওয়া অভিযাত্রায় সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন।’
আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক এবং সুফিয়া কামালের মেয়ে সুলতানা কামাল তাঁর মায়ের জীবনের বিভিন্ন দিক নিয়ে কথা বলেন।
বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির নির্বাহী পরিচালক সালমা আলী, বাংলাদেশ নারী প্রগতি সংঘের নির্বাহী পরিচালক রোকেয়া কবীর, স্টেপস টুয়ার্ডস ডেভেলপমেন্টের নির্বাহী পরিচালক রঞ্জন কর্মকার, উইমেন্স ফেডারেশনের সভাপতি চঞ্চনা চাকমা, ওয়াইডব্লিউসিএ অব বাংলাদেশের জাতীয় সাধারণ সম্পাদক হেলেন মনীষা সরকার সভায় বক্তব্য দেন। বিজ্ঞপ্তি।