সুফিয়া কামালের জন্মদিন আজ

নারী আন্দোলনের অন্যতম অগ্রদূত সুফিয়া কামালের ১০৫তম জন্মবার্ষিকী আজ। শুধু নারী আন্দোলন নয়, সব গণতান্ত্রিক ও সাংস্কৃতিক আন্দোলনেও ছিলেন সামনের কাতারে। ছোটখাটো গড়নের এই মানুষটি তাঁর বুকে ধারণ করতেন এক মহৎ হৃদয়।
১৯১১ সালের ২০ জুন বরিশালের শায়েস্তাবাদে এক অভিজাত পরিবারে সুফিয়া কামালের জন্ম। বাবা সৈয়দ আবদুল বারি পেশায় ছিলেন আইনজীবী। সুফিয়ার সাত বছর বয়সে তাঁর বাবা গৃহত্যাগ করেন। মা সৈয়দা সাবেরা খাতুনের স্নেহাস্পর্শে তিনি বড় হতে থাকেন। সে সময় মুসলিম মেয়েরা শিক্ষা-দীক্ষায় ছিল পশ্চাৎপদ। শায়েস্তাবাদে নানাবাড়ির রক্ষণশীল পরিবেশে বড় হলেও তাঁর মনোগঠন হয়েছে দেশের মানুষ, সমাজ ও সংস্কৃতির ছায়ায়। পারিবারিকভাবে বাড়িতে উর্দু শিক্ষার চল থাকলেও তিনি নিজ উদ্যোগে বাংলা শিখে নেন।
১৯১৮ সালে সুফিয়া কামাল মায়ের সঙ্গে কলকাতায় যান। সেখানে বেগম রোকেয়ার সঙ্গে তাঁর দেখা হয়৷ তাঁর অনুপ্রেরণা ছিলেন নারী আন্দোলনের অগ্রদূত বেগম রোকেয়া। তাঁর প্রথম কবিতা ‘বাসন্তী’ প্রকাশিত হয় ১৯২৬ সালে। সওগাত সম্পাদক মোহাম্মদ নাসিরউদ্দীন তা ছাপেন। প্রথম কাব্যগ্রন্থ সাঁঝের মায়া প্রকাশিত হয় ১৯৩৮ সালে। এ বইয়ের ভূমিকা লিখেছিলেন কাজী নজরুল ইসলাম। রবীন্দ্রনাথ ঠাকুর এ কাব্যগ্রন্থ পড়ে প্রশংসা করেন। ১৯৬৯ সালে ‘মহিলা সংগ্রাম পরিষদ’ (বর্তমানে বাংলাদেশ মহিলা পরিষদ) গঠিত হলে তিনি প্রতিষ্ঠাতাপ্রধান নির্বাচিত হন। আজীবন এই প্রতিষ্ঠানের সঙ্গে ছিলেন। ১৯৯৯ সালের ২০ নভেম্বর তিনি মারা যান।
জন্মবার্ষিকীতে তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাষ্ট্রপতি তাঁর বাণীতে বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় নারী-পুরুষের সমতাপূর্ণ একটি মানবিক সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠাই ছিল সুফিয়া কামালের জীবনব্যাপী সংগ্রামের প্রধান লক্ষ্য।