ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলের পাশে নির্মাণাধীন ছাত্রী হলটির নাম দেওয়া হয়েছে ‘বেগম সুফিয়া কামাল হল’। গতকাল বুধবার বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ কর্তৃপক্ষ সিনেটের অধিবেশনে এই সিদ্ধান্ত অনুমোদন করা হয়।২০০৫ সালের ২৮ জুন সিনেট সেই সময়ের প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নামে হলটির নামকরণের সিদ্ধান্ত নিয়েছিল।গতকালের সিনেট অধিবেশনে আগের নাম পরিবর্তনের প্রতিবাদে অধিবেশন ত্যাগ করেন বিএনপি-জামায়াতপন্থী সিনেট সদস্যরা। তাঁদের অভিযোগ, নতুন নামকরণের ক্ষেত্রে ’৭৩-এর অধ্যাদেশ লঙ্ঘন করা হয়েছে। অন্যদিকে কর্তৃপক্ষের এই সিদ্ধান্তের প্রতিবাদে আগামী ২ ও ৩ জুলাই দুই দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ধর্মঘট ডেকেছে বিএনপির ছাত্রসংগঠন ছাত্রদল।গতকাল বুধবার বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী সিনেট ভবনে দুই দিনব্যাপী সিনেট অধিবেশন শেষ হয়। অধিবেশনে বিএনপি-জামায়াতপন্থী নয়জন সদস্য অংশ নেন। ছাত্রী হলটির নাম পরিবর্তনের সিদ্ধান্ত অনুমোদনের সময় তাঁরা প্রতিবাদ জানান। এ সময় অধিবেশনে হট্টগোল বেধে যায়। তখন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও সিনেট সদস্য আখতার হোসেন খান বলেন, ’৭৩-এর অধ্যাদেশ অনুযায়ী এ ধরনের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ২১ দিন আগে নোটিশ দিতে হয়। কিন্তু তা করা হয়নি। একপর্যায়ে তাঁরা অধিবেশন ত্যাগ করেন।ধর্মঘট: এদিকে এই সিদ্ধান্তের প্রতিবাদসহ সাত দফা দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২ ও ৩ জুলাই ধর্মঘট ডেকেছে ছাত্রদল। গতকাল দুপুরে নয়াপল্টনে দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়। ছাত্রদলের দাবিগুলো হলো: নির্মাণাধীন ছাত্রী হলের নাম ‘খালেদা জিয়া হল’ রাখা, ক্যাম্পাস ও হলগুলোতে সব ছাত্র সংগঠনের সহাবস্থান নিশ্চিত করা, হল থেকে বহিরাগত সন্ত্রাসীদের বিতাড়িত করা, মেধার ভিত্তিতে হলে আসন বণ্টন, বিশ্ববিদ্যালয়ের বাজেটে ছাত্রছাত্রীদের উন্নয়নের জন্য বরাদ্দ বাড়ানো এবং ছাত্রদলের সভাপতির ওপর হামলাকারীদের শাস্তি দেওয়া। সংবাদ সম্মেলনে বলা হয়, কর্তৃপক্ষ দাবি না মানলে প্রয়োজনে লাগাতার ধর্মঘট দেওয়া হবে।