সুফিয়া কামালের মতো স্পষ্ট অবস্থান নেওয়ার আহ্বান

কবি সুফিয়া কামাল রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সামনে বসে আছেন। রাষ্ট্রপতি জানতে চাইলেন, আপনাদের মধ্যে কে কে খাল কাটতে চান ও নেতা হতে চান। সুফিয়া কামাল ছাড়া সেখানে উপস্থিত সব নারী হাত তুললেন। তখন রাষ্ট্রপতি সুফিয়া কামালের কাছে জানতে চাইলেন, আপনি খাল কাটতে ও নেতা হতে চান না? সুফিয়া কামাল সাফ জানিয়ে দিলেন, তিনি এই বয়সে খাল কাটতে ও নেতা হতে চান না।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন বাকশাল গঠন করলেন, তখনো সুফিয়া কামাল এতে যোগ দিতে পারবেন না বলে জানিয়ে দেন। সুফিয়া কামাল বলেই এটা সম্ভব হয়েছিল।
গতকাল বৃহস্পতিবার কবি সুফিয়া কামালের প্রয়াণ দিবস উপলক্ষে ‘মুক্তিযুদ্ধের বাংলাদেশ ও সুফিয়া কামাল’ শীর্ষক স্মরণসভায় কবিকন্যা সুলতানা কামাল এবং অন্য আলোচকেরা এভাবেই স্মৃতিচারণা করেন। বর্তমান রাজনৈতিক সংকট মোকাবিলায় কীভাবে কবির আদর্শ ও নির্দেশনাকে কাজে লাগানো যায়, সে পথও খুঁজে বের করার চেষ্টা করেন আলোচকেরা।
২০ নভেম্বর ছিল সুফিয়া কামালের ১৪তম মৃত্যুবার্ষিকী।
আইন ও সালিশ কেন্দ্র (আসক) ছায়ানট সংস্কৃতি ভবনে ‘যে সাধন মানুষের সীমানায়’ স্লোগান সামনে রেখে এ স্মরণসভার আয়োজন করে। জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে সভার আনুষ্ঠানিকতা শুরু হয়। কবির একটি বড় ছবির সামনে ফুল ও মোমবাতি দিয়ে সাজিয়ে তা মঞ্চে রাখা ছিল। আলোচনার ফাঁকে ফাঁকে কবির প্রতি শ্রদ্ধা জানিয়ে গান পরিবেশন করেন শিল্পীরা।
স্মরণসভার সভাপতি আসকের নির্বাহী পরিচালক এবং কবিকন্যা সুলতানা কামাল বলেন, ‘তিনি যখন না থাকবেন তখনো তাঁর কাজের ধারা যেন বিলুপ্ত না হয়, এটাই ছিল তাঁর প্রত্যাশা। বিভিন্ন সংকট মোকাবিলায় তাঁর ধারাটিকে বহন করতে হবে। গণতান্ত্রিক চর্চা অব্যাহত রাখার জন্য সুফিয়া কামালের মতো আমাদেরও স্পষ্ট অবস্থান নিতে হবে।’
বাংলাদেশ মহিলা পরিষদের সাবেক সাধারণ সম্পাদক মালেকা বেগম এ পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি সুফিয়া কামালের সঙ্গে বিভিন্ন আন্দোলনে যোগ দেওয়া এবং কবির ব্যক্তিগত জীবনসহ বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।
মুক্তিযুদ্ধ ও অন্যান্য আন্দোলনে সুফিয়া কামালের সম্পৃক্ততা প্রসঙ্গে বাংলাদেশ মহিলা পরিষদের সহসভাপতি ফৌজিয়া মোসলেম বলেন, ‘এসব আন্দোলনে তিনি কোনো রাজনৈতিক আদর্শ থেকে সম্পৃক্ত হননি, তিনি সম্পৃক্ত হয়েছেন বিবেকের তাড়নায়। তিনি একটি একক প্রতিষ্ঠান হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন। তাঁর মতো সবাইকে বিবেকের তাড়না থেকে মৌলবাদীদের রুখতে হবে, গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে।’
প্রকাশক মফিদুল হক বলেন, যে সমাজে সুফিয়া কামাল ছিলেন, সে সমাজ পরাভবতা মেনে নিতে পারে না। জীবনে বিভিন্ন বিড়ম্বনার মধ্য দিয়ে বড় হওয়া সুফিয়া কামালের আদর্শ নিজেদের জীবনে চর্চা করাটা কঠিন। তবে এ ছাড়া উপায়ও নেই।
মৌলবাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানো, অসাম্প্রদায়িক সমাজ গড়ে তোলা, নারীর ক্ষমতায়ন, নারী নির্যাতন প্রতিরোধ, মুক্তিযুদ্ধের পর বীরাঙ্গনাদের পাশে দাঁড়ানোসহ নারীর মানবাধিকার রক্ষায় সুফিয়া কামালের ভূমিকার কথা তুলে ধরেন আলোচকেরা।