সুফিয়া কামালের মৃত্যুবার্ষিকী পালিত
গতকাল শনিবার নারী আন্দোলনের অন্যতম অগ্রণী নেত্রী, ধর্মান্ধতা ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে অকুতোভয় সৈনিক কবি সুফিয়া কামালের ১১তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন তাঁর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে। আলোচনায় বক্তারা বলেছেন, কবি সুফিয়া কামাল ছিলেন প্রতিরোধের প্রতীক। বক্তারা কবির অসমাপ্ত স্বপ্ন বাস্তবায়ন এবং নারীর অধিকার আদায়ের আন্দোলনকে এগিয়ে নেওয়ার প্রত্যয় জানিয়েছেন। গতকাল সকালে কবির পরিবার এবং বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে তাঁর কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। বিকেলে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের আয়োজনে সংগঠনের গুলশানের কার্যালয়ে তারানা হালিমের সভাপতিত্বে ছিল আলোচনা সভা। সভায় চলচ্চিত্র অভিনেতা এ টি এম শামসুজ্জামান, সৈয়দ হাসান ইমাম, রবীন্দ্র গোপ, খায়রুল আলম, শংকর সাঁওজাল, পীযূষ বন্দ্যোপাধ্যায় প্রমুখ বক্তব্য দেন।কবি সুফিয়া কামাল ১৯৯৯ সালের ২০ নভেম্বর ৮৮ বছর বয়সে ইন্তেকাল করেন।