সুবচন চর্চায় অংশ নিতে চায় দুদক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুবচন নির্বাসনে যায়নি—তবে সুবচনের কাঙ্ক্ষিত চর্চা হচ্ছে না। কমিশন সুবচন চর্চায় অংশ নিতে চায়। এমনটাই বললেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ।

আজ কমিশনের প্রধান কার্যালয়ে বাংলাদেশ স্কাউটস ও বাংলাদেশ গার্ল গাইডস অ্যাসোসিয়েশনের সদস্যদের দুর্নীতিবিরোধী বাণী সংবলিত ত্রিশ হাজার খাতা ও পাঁচ হাজার জ্যামিতি বক্স বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দুদকের চেয়ারম্যান এ কথা বলেন।

দুদক চেয়ারম্যান বলেন, সুবচনের চর্চার জন্য বাংলাদেশ স্কাউটস ও গার্ল গাইডস অ্যাসোসিয়েশনের মতো সংগঠনগুলোর সঙ্গে কমিশন সমঝোতা স্মারকের মাধ্যমে একত্রে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে। তিনি বলেন, কমিশনের প্রতিরোধমূলক কার্যক্রমে ছাত্র-ছাত্রীদের সম্পৃক্ত করার মূল উদ্দেশ্য হচ্ছে তাদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে সাহায্য করা। আমরা শুধু ভালো ছাত্র নয়—আলোকিত মানুষ গড়তে চাই। এ কারণেই ছাত্র-ছাত্রীদের মধ্যে বিভিন্ন সুবচন সংবলিত খাতা, জ্যামিতি বক্স বিতরণ করা হচ্ছে। আমরা প্রত্যাশা করি, এসব সুবচন তাদের হৃদয়ে প্রোথিত হবে। তাঁরা সত্চর্চা এবং সৎ জীবন-যাপনে উদ্বুদ্ধ হবে ও প্রত্যেকেই সুবচনের দূত হিসেবে কাজ করবে।

ইকবাল মাহমুদ বলেন, সমন্বিত প্রচেষ্টা ছাড়া দুর্নীতি বা অন্য যে কোনো খারাপ বা অনৈতিক কাজ প্রতিরোধ সম্ভব নয়। তবে সম্মিলিত প্রচেষ্টা থাকলে দুর্নীতি দমন বা প্রতিরোধ অসম্ভব নয়।

অনুষ্ঠানে দুদক কমিশনার নাসিরউদ্দীন আহমেদ ও এএফএম আমিনুল ইসলাম, সচিব আবু মো. মোস্তফা কামাল, বাংলাদেশ গার্ল গাইডস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ স্কাউটস ও কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।