সুবন্ধি বাঁধ কাটার দাবিতে সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনার আমতলী উপজেলার চাওড়া নদীর ওপর নির্মিত সুবন্ধি বাঁধ কেটে দেওয়ার দাবিতে গতকাল রোববার উপজেলার তালুকদার হাটে তিন ইউনিয়নের বাসিন্দারা মানববন্ধন ও সমাবেশ করেছেন। কয়েক হাজার নারী-পুরুষ কর্মসূচিতে অংশ নেন।উপজেলার তিন ইউনিয়নের ভেতর দিয়ে প্রবাহিত নদীটির সুবন্ধি এলাকায় ১৯৯০ সালে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) বাঁধ নির্মাণ করায় ৩০ কিলোমিটারজুড়ে পানি প্রবাহ বন্ধ হয়ে যায়। কচুরি পানায় পরিপূর্ণ এ নদীর পানি পচে ব্যবহারের অনুপোযোগী হয়ে পড়েছে। আবদ্ধ এ বিশাল জলাশয় থেকে শুকনা মৌসুমে কৃষকেরা যেমন জমিতে সেচ দিতে পারছেন না, তেমনি বর্ষা মৌসুমে জলাবদ্ধতার শিকার হচ্ছেন। নদীর পচা পানি দিয়ে গৃহস্থালিসহ কোনো কাজ সারতে পারছেন না স্থানীয় লোকজন।রোববার বিকেল চারটায় তালুকদার হাটের ইউনিয়ন সংযোগ সড়কে প্রায় দুই কিলোমিটার দীর্ঘ মানববন্ধন আধা ঘণ্টা স্থায়ী হয়। মানববন্ধন শেষে তালুকদার হাটে সমাবেশে বক্তব্য দেন উপজেলা নাগরিক ফোরামের সদস্য রফিক উদ্দিন আহমেদ, আমতলী ডিগ্রি কলেজের প্রভাষক আনোয়ার হোসেন, শাহাবুদ্দিন পাননা প্রমুখ।