চলতি সপ্তাহে ঢাকা ও চট্টগ্রাম পথের সব কটি আন্তনগর ট্রেনের সাপ্তাহিক বিরতি বাতিল করা হয়েছে। মেঘনা ও গোমতী সেতুর মেরামতকাজের জন্য ওই দুটি সেতুর ওপর দিয়ে সব ধরনের যান চলাচল বন্ধ থাকবে। এ কারণে আন্তনগর ট্রেনের সাপ্তাহিক বিরতি বাতিল করা হয়।রেলওয়ে সূত্র জানায়, আজ শুক্রবার সাপ্তাহিক বিরতির দিনেও ঢাকা-চট্টগ্রাম রেলপথে সুবর্ণ এক্সপ্রেসে যাত্রী পরিবহন করা হবে। আজ সকাল সাতটায় এটি ঢাকার উদ্দেশে ছেড়ে যাবে। বিকেল তিনটা ২০ মিনিটে এটি আবার যাত্রী নিয়ে চট্টগ্রামে ফিরবে। একইভাবে আগামী রোববার ঢাকাগামী আন্তনগর প্রভাতী এবং চট্টগ্রামগামী গোধূলীর বিরতিও বাতিল করা হয়েছে। আন্তনগর প্রভাতী রোববার সকাল সাতটা ২০ মিনিটে যাত্রী নিয়ে চট্টগ্রাম ছাড়বে। রোববার বিকেল পৌনে পাঁচটায় এটি গোধূলী নামে ঢাকা থেকে যাত্রী নিয়ে চট্টগ্রামে ফিরবে। রেলওয়ে চট্টগ্রাম বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা (ডিসিও) রোকনুজ্জামান বলেন, কুমিল্লায় মেঘনা ও গোমতী নদীর ওপর দুটি সেতুর মেরামতকাজ শুরু হচ্ছে শনিবার ভোর থেকে। ওই দুটি সেতুর ওপর সব ধরনের যান চলাচল বন্ধ রাখা হবে ৮ জানুয়ারি ভোর ছয়টা পর্যন্ত। এ কারণে সড়কপথের পরিবর্তে ট্রেনের ওপর যাত্রীর চাপ বাড়ছে। তাই যাত্রীদের স্বার্থ বিবেচনা করে বাংলাদেশ রেলওয়ে আন্তনগর ট্রেনের যাত্রাবিরতি বাতিল এবং প্রতিটি ট্রেনে বাড়তি কোচ সংযোজন করার সিদ্ধান্ত নিয়েছে। এদিকে মেঘনা ও গোমতী সেতুর মেরামতকাজ চলার কারণে বিকল্প পথে যান চলাচলের পরামর্শ দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। বিকল্প পথ হচ্ছে কুমিল্লার ময়নামতি থেকে ব্রাহ্মণবাড়িয়া, সরাইল বিশ্বরোড মোড়, আশুগঞ্জ এবং ভৈরব-নরসিংদী-তারাব মোড় হয়ে কাঁচপুর সেতু দিয়ে।