সুবর্ণ ছাড়া সব ট্রেনের টিকিট বিক্রি প্রায় শেষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবারের ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির চতুর্থ দিনে গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম স্টেশনে সুবর্ণ এক্সপ্রেস ছাড়া সব কটি আন্তনগর ট্রেনের টিকিটের চাহিদা ছিল। গতকাল বিক্রি হয়েছে ২৪ জুনের ঈদযাত্রার টিকিট।

রেলওয়ে সূত্র জানায়, গতকাল দ্রুত সময়ের মধ্যে বিক্রি শেষ হয়েছে ময়মনসিংহগামী বিজয় এক্সপ্রেসের টিকিট। এই ট্রেনের আসনসংখ্যা ৬০৩। ঈদ উপলক্ষে একটি বগি সংযোজন করার পর আসন বেড়ে হয়েছে ৬৬৬। মাত্র দুই ঘণ্টার মধ্যে গতকাল ট্রেনটির টিকিট শেষ হয়ে গেছে। অন্য আন্তনগর ট্রেনগুলোরও ৯০ থেকে ৯৫ শতাংশ টিকিট বিক্রি হয়। আর সুবর্ণ এক্সপ্রেসের টিকিট বিক্রি হয়েছে মাত্র ৪০০। ঈদ উপলক্ষে এই ট্রেনের আসনসংখ্যা ৯৫৪টি।

রেলওয়ে পূর্বাঞ্চলের চট্টগ্রাম বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা (ডিসিও) মো. মিজানুর রহমান প্রথম আলোকে বলেন, ঢাকাগামী সুবর্ণ এক্সপ্রেস ছাড়া সব কটি আন্তনগর ট্রেনের প্রায় টিকিট বিক্রি হয়ে গেছে।

রেলওয়ে পূর্বাঞ্চল সূত্র জানায়, চট্টগ্রাম থেকে ঢাকাগামী আন্তনগর সুবর্ণ, সোনার বাংলা, তূর্ণা নিশীথা, মহানগর প্রভাতী, মহানগর গোধূলি, চট্টলা, চাঁদপুরগামী মেঘনা এক্সপ্রেস, সিলেটগামী পাহাড়িকা ও উদয়ন এক্সপ্রেস এবং বিজয় এক্সপ্রেস যাত্রী পরিবহন করে। আজ শুক্রবার বিক্রি হবে ২৫ জুনের টিকিট।