সুবর্ণ স্মৃতির মধুর আনন্দে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের চতুর্থ পুনর্মিলনী অনুষ্ঠানে উপাচার্যের সঙ্গে হলের প্রাক্তন শিক্ষার্থীরা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের চতুর্থ পুনর্মিলনী অনুষ্ঠানে উপাচার্যের সঙ্গে হলের প্রাক্তন শিক্ষার্থীরা

‘সুবর্ণ স্মৃতির মধুর আনন্দে’ নেচে-গেয়ে আর স্মৃতিচারণা করে পুরো একটি দিন পার করলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলের প্রাক্তন ছাত্রীরা। সতীর্থদের সঙ্গে মিলিত হয়ে তাঁরা যেন ফিরে গেলেন তারুণ্যভরা অতীতে।
গতকাল শুক্রবার বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) রোকেয়া হলের সাবেক ছাত্রীদের এই মিলনমেলা বসে। দিনভর এই আয়োজনে ছিল জাদু প্রদর্শনী, নৃত্যনাট্য, সাংস্কৃতিক অনুষ্ঠান, র্যাফল ড্র, স্মৃতিচারণা, আড্ডাসহ আরও নানা কিছু। পুনর্মিলনী উপলক্ষে টিএসসিকে সাজানো হয় মনোরম সাজে।
চতুর্থবারের মতো আয়োজিত এই উৎসবের স্লোগান ছিল ‘সুবর্ণ স্মৃতির মধুর আনন্দে এসো মিলি মোরা সৃজনী ছন্দে’। উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক। তিনি বলেন, এসব অনুষ্ঠানের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের প্রাণের স্পন্দন পাওয়া যায়।
পরে বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য হলের প্রাক্তন সাত ছাত্রীকে সম্মাননা দেওয়া হয়। তাঁরা হলেন বাংলাদেশের প্রথম পেশাদার নারী আলোকচিত্রী সাঈদা খানম, অধ্যাপক মালেকা বেগম, রবীন্দ্রসংগীতশিল্পী ফাহমিদা খাতুন, নৃত্যশিল্পী লায়লা হাসান, ক্রীড়া সংগঠক রাফিয়া আক্তার ডলি, সংগীতশিল্পী সাবিনা ইয়াসমিন ও নৃত্যশিল্পী জিনাত বরকতুল্লাহ।
আয়োজক সংগঠনের সভাপতি অধ্যাপক রওশন আরা ফিরোজের সভাপতিত্বে এ সময় মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য অধ্যাপক নাসরীন আহমাদ ও ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি এ কে আজাদ বক্তব্য দেন। রোকেয়া হলের অ্যালামনাইদের পক্ষ থেকে বক্তব্য দেন অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মরিয়ম বেগম ও অধ্যাপক সালমা আখতার।
১৯২১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরুর পর ১৯৩৮ সালে ১২ জন শিক্ষার্থী নিয়ে চালু হয় ছাত্রী হোস্টেল চামেলী হাউস। ১৯৫৬ সালে এর নাম হয় উইমেন্স হল। এই ছাত্রী হোস্টেলটি ১৯৬৪ সালে বেগম রোকেয়ার নামে নামকরণ করা হয়। বিকেলের পর্বে প্রধান অতিথি ছিলেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী। বিকেলে স্মৃতিচারণা, জাদু প্রদর্শনী, নৃত্যনাট্য ও সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে পর্দা নামে সৃজনী ছন্দের।