নোয়াখালীর সুবর্ণচর ও নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা থেকে গতকাল শনিবার দুই গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। তাঁরা হলেন সুবর্ণচরের চর তোরাবআলী গ্রামের মোহাম্মদ সোলায়মানের মেয়ে রাহেনা আক্তার বিউটি (২২) ও সোনাগাঁয়ের কাঁচপুর ইউনিয়নের সেনপাড়া গ্রামের রেশমা আক্তার (২০)। নিহত হওয়া গৃহবধূদের পরিবারের অভিযোগ, যৌতুক না পেয়ে শ্বশুরবাড়ির লোকজন এ ঘটনা ঘটায়। একই কারণে জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার শিবপুর গ্রামে শ্বশুরবাড়ির লোকজন গৃহবধূ নাজিরা বেগমের (১৯) শরীরে কেরোসিন ঢেলে তাঁকে পুড়িয়ে হত্যার চেষ্টা করে বলে অভিযোগ পাওয়া গেছে। তিনটি ঘটনায় গতকাল শনিবার স্থানীয় থানায় মামলা হয়েছে।ঢাকার বাইরে আমাদের আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:নোয়াখালী: তিন বছর আগে সুবর্ণচরের চর তোরাবআলী গ্রামের সিরাজ উল্লার সঙ্গে রাহেনার বিয়ে হয়। রাহেনার বাবা মোহাম্মদ সোলায়মান অভিযোগ করেন, শুক্রবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে জামাতা সিরাজ তাঁকে ফোন করে জানান, রাহেনাকে পাওয়া যাচ্ছে না। তাঁদের বাড়িতে গেছে কি না, জানতে চান। দ্রুত তিনি সিরাজের বাড়িতে গিয়ে ঘরের মেঝেতে রাহেনার লাশ দেখতে পান। এ সময় সিরাজ ও তাঁর পরিবারের লোকজন জানান, রাহেনা পুকুরের ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে। সোলায়মান অভিযোগ করেন, সিরাজ ও তাঁর পরিবারের লোকজন রাহেনাকে পরিকল্পিতভাবে হত্যা করে লাশ পুকুরে ফেলে দেন। লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুতকারী চরজব্বার থানার শিক্ষানবিশ উপপরিদর্শক (পিএসআই) স্বপন কুমার সরকার প্রথম আলোকে জানান, লাশ দেখে মনে হয়নি স্বাভাবিক মৃত্যু হয়েছে। তা ছাড়া পানিতে ডুবে মারা গেলে পেটে পানি থাকত বা পেট ফোলা থাকত। এসব ছিল না। তবে লাশের চোখের কোনায় ও নাকে রক্তের দাগ দেখা গেছে। তাই ময়নাতদন্তের প্রতিবেদনেই মূল রহস্য বেরিয়ে আসবে।সোনারগাঁ: ছয় মাস আগে ময়মনসিংহের নান্দাইল উপজেলার বনাটি গ্রামের শহিদুল ইসলামের সঙ্গে একই জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার মহেশপুর গ্রামের আজিজুল হকের মেয়ে রেশমার বিয়ে হয়। বিয়ের পর থেকে শহিদুল পরিবার নিয়ে সোনারগাঁয়ের সেনপাড়া গ্রামে বাসা ভাড়া নিয়ে বসবাস করছেন।রেশমার বাবা আজিজুল হকের অভিযোগ, দাবি করা টাকা না পেয়ে শুক্রবার রাতে শহিদুল ও তাঁর ভাই রফিক, বাবা আবু সালেক রেশমাকে পিটিয়ে ও শ্বাসরোধে হত্যা করেন। সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইউনুস আলী জানান, গতকাল ঘটনাস্থল থেকে রেশমার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ১০০ শয্যা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যা মামলার আসামি রেশমার শ্বশুর আবু সালেক ও দেবর রফিককে গ্রেপ্তার করা হয়েছে।ক্ষেতলাল: যৌতুক নিয়ে গত ৩০ আগস্ট রাতে জয়পুরহাটের ক্ষেতলালের শিবপুর গ্রামের গৃহবধূ নাজিরার সঙ্গে স্বামী জাকিরুল ইসলাম (২৫), শ্বশুর আকিমুদ্দিন, শাশুড়ি পরিবানুর বাগিবতণ্ডা হয়। একপর্যায়ে তাঁরা নাজিরার হাত-পা বেঁধে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে এবং গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দেন। অবস্থা বেগতিক দেখে কাউকে না জানিয়ে পরদিন শিবপুর গ্রামের পল্লি চিকিৎসক জুয়েল আহমেদকে গোপনে ডেকে নাজিরার চিকিৎসা করান। ১ সেপ্টেম্বর বিষয়টি জানাজানি হয়। খবর পেয়ে ওই দিনই পাশের কালাই উপজেলার পূর্ব দুর্গাপুর গ্রামের বাসিন্দা নাজিরার বাবা আবদুল খালেক স্থানীয় পুনট ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুল কুদ্দুসকে নিয়ে মেয়েকে উদ্ধার করে জয়পুরহাট সদর হাসপাতালে ভর্তি করান। আবদুল খালেক বলেন, ‘চিকিত্সকেরা নাজিরাকে ঢাকায় নিয়ে উন্নত চিকিৎসা দিতে বলেছেন। কিন্তু আমি গরিব; মেয়েকে ঢাকায় নিয়ে চিকিৎসা করানোর সামর্থ্য নেই।’ এ ব্যাপারে পল্লি চিকিৎসক জুয়েল আহমেদ বলেন, ‘আমি প্রাথমিক চিকিৎসা শেষে জরুরি ভিত্তিতে উন্নত চিকিৎসা দেওয়ার পরামর্শ দিয়েছি এবং গ্রামবাসীকে ঘটনা জানিয়েছি।’ক্ষেতলাল থানার উপপরিদর্শক (এসআই) বেলাল হোসেন বলেন, ‘এ ঘটনায় নাজিরার বড় ভাই আবদুল জব্বার তিনজনকে আসামি করে গতকাল থানায় মামলা করেছেন। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’