সুবর্ণচরে এক ব্যক্তি খুন, দুজন আটক
নোয়াখালীর সুবর্ণচরে দুর্বৃত্তদের হামলায় মো. ইউছুফ (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। গত মঙ্গলবার উপজেলার চর জব্বার ইউনিয়নে এ ঘটনা ঘটে। গতকাল বুধবার উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে ইউছুফ মারা যান। তিনি ওই ইউনিয়নের জাহাজমারা গ্রামের মো. মোস্তফার ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার সকালে ইউছুফের ছোট ভাই আবদুর রহিমের একটি গরু প্রতিবেশী আবদুস সাত্তার নামের এক ব্যক্তির খেতের ধান খায়। এ নিয়ে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি ও হাতাহাতি হয়। তাৎক্ষণিক স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসা করে দেওয়া হয়। ওই দিন রাত সাড়ে ১০টার দিকে ইউছুফ স্থানীয় ছাইয়াখালী বাজার থেকে জাহাজমারা গ্রামের বাড়িতে যাচ্ছিলেন। পথে দুর্বৃত্তরা তাঁকে লাঠি দিয়ে পিটিয়ে আহত করে। আশপাশের লোকজন তাঁকে উদ্ধার করে নোয়াখালী শহরের সিটি হাসপাতালে নিয়ে যান। গতকাল উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে ইউছুফ মারা যান। চর জব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন তরফদার বলেন, খবর পেয়ে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ দুই ব্যক্তিকে আটক করেছে। মামলার প্রস্তুতি চলছে।