সুবর্ণচরে এখনো ১৮ জেলে নিখোঁজ
গত বুধবার রাতে সাগরে মাছ ধরতে যাওয়া নোয়াখালীর সুবর্ণচরের তিনটি ইউনিয়নের ১৮ জেলে এখনো নিখোঁজ রয়েছেন। এর মধ্যে মোহাম্মদপুর ইউনিয়ন ও চরবাটা ইউনিয়নে সাতজন এবং পূর্ব চরবাটা ইউনিয়নে ১১ জন নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে। নিখোঁজ জেলেদের সঙ্গীরা গত কয়েক দিনে নিজ নিজ বাড়িতে ফিরে এলেও অন্যদের বিষয়ে তাঁরা কোনো তথ্য দিতে পারেননি। ফলে ওই সব পরিবারে চলছে স্বজন হারানোর আহাজারি। নিখোঁজ জেলেদের মধ্যে উপজেলা প্রশাসন সাতজন এবং স্থানীয় জনপ্রতিনিধি ছয়জনের পরিচয় নিশ্চিত করেছেন। উপজেলা প্রশাসন যাঁদের পরিচয় নিশ্চিত করেছে তাঁরা হলেন: চরবাটা ইউনিয়নের ফজল মাঝির ছেলে মো. মিলন, আবদুল মান্নানের ছেলে জামাল উদ্দিন, জাফর উল্লার ছেলে মো. রুবেল ও একই এলাকার মো. মামুন; মোহাম্মদপুর ইউনিয়নের মো. ইলিয়াছ মাঝির ছেলে মো. মধু ও মো. সোহাগ, সাইফুল হকের ছেলে মো. খবির। এ ছাড়া পূর্ব চরবাটা ইউনিয়ন পরিষদের সদস্য আলমগীর হোসেন যাঁদের পরিচয় নিশ্চিত করেছেন তাঁরা হলেন: চর মজিদ গ্রামের রফিক মাঝির নৌকার মো. মামুন, বাহার মাঝির নৌকার মো. মিলন, বাহার উদ্দিন ও রুবেল। এ ছাড়া দক্ষিণ চর মজিদের জামাল মাঝি, তাঁর নৌকার বাবুর্চি জসিম উদ্দিন। একই নৌকায় থাকা জেলে ও দক্ষিণ চর মজিদ গ্রামের মেনু সর্দারের ছেলে মো. রুবেলের (৩৫) লাশ পাওয়া যায়। পরে পরিবারের লোকজন তাঁর মরদেহ বাড়িতে এনে দাফন করেন।