সুবর্ণচরে কলেজে নিয়োগ নিয়ে হামলা-ভাঙচুর
নোয়াখালীর সুবর্ণচর উপজেলার পূর্ব চরবাটা স্কুল অ্যান্ড কলেজে গতকাল মঙ্গলবার দ্বিতীয় দিনের মতো হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় হামলাকারীরা শিক্ষকদের শ্রেণীকক্ষ থেকে বের করে লাঞ্ছিত করে। কলেজ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কলেজের সহকারী গ্রন্থাগারিক পদে গত ১৮ জুলাই নোয়াখালী জিলা স্কুলে নিয়োগ পরীক্ষা হয়। নিয়োগ বোর্ডে কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি সাবেক সচিব এ টি এম আতাউর রহমান, জিলা স্কুলের প্রধান শিক্ষক রামমোহন সেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাজী মো. সলিম উল্লাসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সূত্র আর জানায়, পরীক্ষায় ওই পদে চারজন প্রার্থী অংশ নেন। এতে প্রথম হয়ে সহকারী গ্রন্থাগারিক পদে নিয়োগ পান স্বজন চন্দ্র দাস। অভিযোগ রয়েছে, এ পদে নিয়োগ পেতে শুরু থেকে তদবির করছেন কলেজের অফিস সহকারী ও স্থানীয় বাসিন্দা রফিক উল্লা। গত সোমবার দুপুর দেড়টার দিকে রফিকের পক্ষের কলেজের কিছু ছাত্র ও বহিরাগত ক্লাস চলাকালে লাঠিসোঁটা নিয়ে কলেজে হামলা ও ভাঙচুর চালায়। এ সময় তারা কলেজের সব ক্লাস থেকে শিক্ষার্থী ও শিক্ষকদের বের করে তালা লাগিয়ে দেয়। গতকাল বেলা ১১টার দিকে বহিরাগতরা আবার ক্যাম্পাসে ঢুকে ল্যাবরেটরি ভাঙচুর করে। এ সময় তারা ছাত্রছাত্রী ও শিক্ষকদের শ্রেণীকক্ষ থেকে বের করে দেয়। অফিস সহকারী রফিক অভিযোগ করেন, অধ্যক্ষ পরিকল্পিতভাবে অনিয়মের মাধ্যমে তাঁকে না নিয়ে অন্যকে নিয়েছেন। অফিস সহকারী হলেও তিনি সেখানে নিয়মিত ক্লাস নিতেন। তাই ছাত্ররা তাঁর প্রতি বিশেষ দুর্বলতা থেকে মিছিল ও সামান্য ভাঙচুর করেছে।চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম চৌধুরী প্রথম আলোকে বলেন, রফিকের পক্ষে কলেজের কিছু শিক্ষার্থী এবং স্থানীয় কিছু লোক সোমবার কলেজে হাঙ্গামা করেছে। খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়ে স্থানীয় জনপ্রতিনিধিদের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। তবে গতকালের ঘটনা সম্পর্কে তিনি কিছু জানেন না।অধ্যক্ষ ছালাউদ্দিন বলেন, নিয়োগ নিয়ে কোনো অনিয়ম হয়নি। সর্বোচ্চ নম্বর পাওয়া ব্যক্তিকেই নিয়োগ দেওয়া হয়েছে। তাঁর কক্ষে তালা ঝুলিয়ে দেওয়ায় এবং হুমকির কারণে তিনি গতকাল কলেজে যাননি।