সুবর্ণচরে পুলিশের সঙ্গে গোলাগুলিতে নিহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর সুবর্ণচরে গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে পুলিশের সঙ্গে গোলাগুলিতে তিনজন নিহত হয়েছেন।আহত হয়েছেন সুবর্ণচরের চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম এনামুল কবিরসহ পুলিশের পাঁচ সদস্য।

নিহত ব্যক্তিরা হলেন কালু মিয়া (৪০) এবং তাঁর সহযোগী রিপন (২৭) ও মো. রুবেল ওরফে ভোলাইয়্যা রুবেল (২৪)।

পুলিশের দাবি, নিহত কালু মিয়া জলদস্যু কালু বাহিনীর প্রধান কালু ডাকাত।আর রিপন ছিলেন ডাকাত দলের সেকেন্ড ইন কমান্ড।রুবেলও সেই দলের সদস্য।

জানতে চাইলে দস্যুদের সঙ্গে গোলাগুলির কথা নিশ্চিত করেন জেলা পুলিশ সুপার (এসপি) মো. আনিসুর রহমান।আজ সকালে তিনি প্রথম আলো ডটকমকে বলেন, গতকাল রাতে সুবর্ণচরের আল-আমিন মত্স্য খামারের পূর্বপাশে একদল জলদস্যু গোপন বৈঠক করছে, এমন খবরের ভিত্তিতে তাঁর নেতৃত্বে পুলিশ লাইন এবং চরজব্বার থানার পুলিশের একটি দল ওই এলাকা ঘেরাও করে।এ সময় দস্যুরা পুলিশের উপস্থিতি টের পেয়ে গুলি ছুড়তে শুরু করলে পুলিশও পাল্টা গুলি ছোড়ে।প্রায় ১৫-২০ মিনিট এ গোলাগুলি চলে।একপর্যায়ে গুলি ছোড়া বন্ধ হলে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে তিনটি লাশ পাওয়া যায়।পরে স্থানীয় লোকজন তাঁদের শনাক্ত করেন।

ঘটনাস্থল থেকে একটি বন্দুক, রাইফেলের দুটি গুলি, বন্দুকের তিনটি গুলি, দুটি রাম দা, একটি ছোরা ও একটি সিগন্যাল রকেট লাঞ্চার উদ্ধার করা হয়েছে।

চরজব্বার থানার ওসি এ কে এম এনামুল কবির প্রথম আলো ডটকমকে বলেন, লাশ তিনটি উদ্ধার করে থানায় রাখা হয়েছে।ময়নাতদন্তের জন্য এগুলো নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গ পাঠানো হবে। 

ওসি জানান, কালু ডাকাতের বিরুদ্ধে দুটি হত্যাসহ হাতিয়া ও চরজব্বার থানায় অন্তত ১০টি মামলা রয়েছে।এ ছাড়া অন্য দুজনের বিরুদ্ধেও বেশ কয়েকটি মামলা রয়েছে।