সুবর্ণচরে পুলিশের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' তিনজন নিহত
নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরবাটায় গত বৃহস্পতিবার রাতে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ তিনজন নিহত হয়েছেন। এ সময় পুলিশের পাঁচ সদস্য আহত হয়েছেন। নিহত তিনজনই জলদস্যু বলে পুলিশ দাবি করেছে। পুলিশ সূত্র জানায়, নিহত ব্যক্তিরা হলেন নুর নবী ওরফে কালু ডাকাত (৪০), মো. রিপন (২৭) ও মো. রুবেল ওরফে ভোলাইয়্যা রুবেল (২৪)। এঁদের মধ্যে নুর নবী হচ্ছে জলদস্যু কালু বাহিনীর প্রধান। বাকি দুজন ওই বাহিনীর সদস্য। কালুর বাড়ি লক্ষ্মীপুরের রামগতি, রিপনের বাড়ি সুবর্ণচরের চর নঙ্গলিয়ায় আর রুবেলের বাড়ি ভোলার দৌলতখানে।
জেলা পুলিশ সুপার মো. আনিসুর রহমানের ভাষ্যমতে, বৃহস্পতিবার রাতে সুবর্ণচরের আল-আমিন মত্স্য খামারের পূর্ব পাশে একদল জলদস্যু নদী থেকে উঠে গোপন বৈঠক করছিল। খবর পেয়ে তিনি তাত্ক্ষণিক লাইনের পুলিশ ও চরজব্বার থানার পুলিশকে নিয়ে ওই এলাকা ঘেরাও করেন। জলদস্যুরা পুলিশের উপস্থিতি টের পেয়ে গুলি ছোড়া শুরু করে। পুলিশও পাল্টা গুলি চালায়। ১০-১৫ মিনিট ‘বন্দুকযুদ্ধের’ পর বনদস্যুরা পিছু হটে। পরে পুলিশ ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে তিনজনের লাশ উদ্ধার করে। পরে স্থানীয় লোকজন কালু ও অন্য দুজনের লাশ শনাক্ত করে।
রিপনের বাবা আবুল কালাম অভিযোগ করেন, বৃহস্পতিবার সকালে গোয়েন্দা পুলিশ (ডিবি) জেলা শহর মাইজদী থেকে তাঁর ছেলেকে আটক করে। রাতে রিপনকে চরজব্বার থানায় নেওয়া হয়। জলদস্যু কালু ডাকাতের সঙ্গে তাঁর ছেলেকেও ‘ক্রসফায়ারে’ পুলিশ হত্যা করে। তবে কালামের অভিযোগ ভিত্তিহীন উল্লেখ করে পুলিশ সুপার বলেন, ‘এ রকম কোনো আটকের ঘটনা ঘটলে সবার আগে আমারই জানার কথা।’ চরজব্বার ওসি এ কে এম এনামুল কবির বলেন, কালুর বিরুদ্ধে হত্যাসহ ১০টি মামলা রয়েছে। রিপন-রুবেলের বিরুদ্ধেও মামলা রয়েছে।