সুবর্ণচরে প্রবল ঝড়ে শতাধিক কাঁচাঘর বিধ্বস্ত, আহত ৬
নোয়াখালীর সুবর্ণচর উপজেলার কয়েকটি এলাকার ওপর দিয়ে গত মঙ্গলবার সন্ধ্যায় প্রবল বেগে ঝড় প্রবাহিত হয়েছে। এতে শিশু ও নারীসহ ছয়জন আহত হয়েছে। এ সময় চর জিয়াউদ্দিনের একটি অস্থায়ী পুলিশ ফাঁড়িসহ শতাধিক কাঁচাঘর বিধ্বস্ত হয়েছে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে মোহাম্মদপুর, চর ক্লার্ক, চর ওয়াপদা, চর জিয়াউদ্দিন, পূর্ব চরমজিদ, চর নোমান, চর কনক, চর বায়োজিদ ও সোলেমান বাজার এলাকার ওপর দিয়ে প্রচণ্ড বেগে ঝড় বয়ে গেছে। এতে এলাকাগুলোর শতাধিক কাঁচাঘর বিধ্বস্ত হয় এবং গাছপালা উপড়ে যায়। ঘর চাপা পড়ে চর নোমান ও চর কনকে শিশু ও মহিলাসহ ছয়জন আহত হয়।আহত ব্যক্তিরা হলো সুজন (২), নাসিমা আক্তার (১৪), আম্বিয়া খাতুন (৩৫), জাহানারা বেগম (৩৫), খোতেজা খাতুন (৪০) ও রেজিয়া (১৮)। আহত সবাইকে স্থানীয় চৌধুরীর বাজারে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। স্থানীয় বাসিন্দারা জানান, ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো বর্তমানে খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছে। গতকাল বুধবার বিকেল পর্যন্ত ক্ষতিগ্রস্তদের সরকারিভাবে কোনো সহায়তা দেওয়া হয়নি।সুবর্ণচর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গোলামুর রহমান ঝড়ে ক্ষয়ক্ষতির কথা নিশ্চিত করে গতকাল বিকেলে প্রথম আলোকে জানান, ইতিমধ্যে তাঁরা ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের তালিকা তৈরি করে জেলা প্রশাসনের কাছে পাঠিয়েছেন। তবে এখনো কোনো বরাদ্দ পাওয়া যায়নি। নোয়াখালী সদর সার্কেলের এএসপি আ ফ ম নিজাম উদ্দিন জানান, ঝড়ে চর জিয়াউদ্দিনে তাঁদের অস্থায়ী পুলিশ ফাঁড়ির একটি ঘর বিধ্বস্ত হয়েছে। তবে কেউ হতাহত হয়নি।