সুবর্ণচরে স্বাস্থ্যসম্মত পায়খানা ও নিরাপদ পানি ব্যবহারে সফলতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বছর খানেক আগেও নোয়াখালীর সুবর্ণচর উপজেলার দক্ষিণ চরক্লার্ক গ্রামের গৃহিণী নুরজাহানের কাছে গভীর নলকূপের পানি ছিল স্বপ্নের মতো। সাধারণ নলকূপের পানি সংগ্রহের জন্য তাঁকে ছুটতে হতো গ্রামের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে। উপায় না পেয়ে অনেক সময় পুকুর-ডোবার পানি পান করেই নিজের ও সন্তানদের দিন কাটত।
এখন আর নুরজাহানকে খাওয়ার পানির জন্য গ্রামের আরেক প্রান্তে ছুটে যেতে হয় না। পাশের বাড়িতে বসেছে গভীর নলকূপ। যে নলকূপের কথা তিনি আগে শোনেননি। বর্তমানে ওই গভীর নলকূপ থেকেই খাওয়ার পানি সংগ্রহ করেন তিনি। এতে কমে এসেছে সন্তানদের অসুখ-বিসুখও।
শুধু নুরজাহানই নন, খাওয়ার পানি নিয়ে এমন স্বস্তি এখন সুবর্ণচরের দুর্গম চরক্লার্ক, মোহাম্মদপুর ও চর ওয়াপদা ইউনিয়নের অনেক পরিবারে। পরিবারগুলোতে কমে এসেছে খোলা পায়খানা ব্যবহারের প্রবণতাও। আর এ সাফল্যের পেছনে মুখ্য ভূমিকা রেখেছে ইউরোপীয় ইউনিয়নের আর্থিক সহায়তায় এনজিও ফোরাম, কুমিল্লা ও স্থানীয় সাগরিকা সমাজ উন্নয়ন সংস্থা গৃহীত একটি প্রকল্পে। স্থানীয় পর্যায়ে ইউনিয়ন পরিষদগুলো প্রকল্পটি বাস্তবায়ন করছে।
সম্প্রতি সরেজমিন চরক্লার্ক ইউনিয়নের দক্ষিণ চরক্লার্ক গ্রামের সিরাজ সওদাগরের বাড়িতে গিয়ে দেখা যায়, গ্রামের বেশ কয়েকজন নারী ও পুরুষ কলস নিয়ে এসেছেন ওই বাড়িতে বসানো গভীর নলকূপ থেকে খাওয়ার পানি সংগ্রহ করতে। এ সময় কথা হয় গৃহিণী বিবি জোলেখার সঙ্গে।
জোলেখা প্রথম আলোকে বলেন, আগে খাওয়ার পানির জন্য তাঁকে প্রায় এক মাইল দূরে যেতে হতো। দীর্ঘ সময় দাঁড়িয়ে থেকে পানি আনতে হতো। তাই বাধ্য হয়ে বাড়ির পুকুরের পানিও পান করতেন তিনি। কিন্তু এখন পাশের বাড়িতে নলকূপ বসানোর ফলে সেই কষ্ট দূর হয়েছে।
সাগরিকা সমাজ উন্নয়ন সংস্থার পরিচালক সাইফুল ইসলাম বলেন, এই প্রকল্পের আওতায় চরক্লার্ক, মোহাম্মদপুর ও চর ওয়াপদা ইউনিয়নে প্রায় ৫০ শতাংশ পরিবারকে নিরাপদ স্যানিটেশনের আওতায় আনা সম্ভব হয়েছে। প্রকল্পের আওতায় ২৪টি গভীর নলকূপ, ৪০ সেট স্বাস্থ্যসম্মত পায়খানা ও পাঁচটি বৃষ্টির পানি সংরক্ষণ প্ল্যান্ট স্থাপন, দুটি স্কুলে টয়লেট নির্মাণ এবং ১৩টি স্কুলের টয়লেট মেরামত করে দেওয়া হয়েছে।
দক্ষিণ চরক্লার্ক গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি জসিম উদ্দিন বলেন, তাঁদের ইউনিয়নে নয়টি গ্রাম উন্নয়ন কমিটি গঠন করা হয়েছে। এ কমিটির বৈঠকে গ্রামের বিভিন্ন সমস্যা আলোচনা হয়। গুরুত্বপূর্ণ সমস্যা চিহ্নিত করে ইউনিয়ন পরিষদের ওয়ার্ড সদস্যের মাধ্যমে চেয়ারম্যানের কাছে উপস্থাপন করা হয়। চেয়ারম্যান পরিষদের পাশাপাশি উন্নয়ন সংস্থার মাধ্যমে সমস্যা সমাধানের উদ্যোগ নেন।
চরক্লার্ক ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ সাহাব উদ্দিন প্রথম আলোকে বলেন, সুবর্ণচরের সবচেয়ে দুর্গম ও অবহেলিত চরক্লার্ক। সাধারণ মানুষকে শতভাগ স্যানিটেশনের আওতায় আনতে সরকারি সহযোগিতা অপ্রতুল। এ ক্ষেত্রে উন্নয়ন সংস্থার নিরাপদ স্যানিটেশনের উদ্যোগ বেশ কাজে আসছে। ইতিমধ্যে অনেক এলাকায়ই নিরাপদ পানীয় জলের সমস্যা সমাধান হয়েছে। লোকজন স্যানিটারি পায়খানা ব্যবহার করতে শিখছে।