সুবর্ণচরে সড়ক ভেঙে হুমকিতে কালভার্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেঘনার জোয়ারের ধাক্কায় নোয়াখালীর সুবর্ণচর উপজেলার আক্তার মিঞার হাট-ছোলেমান বাজার সড়ক ভেঙে গেছে। ঝুঁকিতে রয়েছে খালের ওপর নির্মিত কালভার্টটিও। সম্প্রতি তোলা ছবি l প্রথম আলো
মেঘনার জোয়ারের ধাক্কায় নোয়াখালীর সুবর্ণচর উপজেলার আক্তার মিঞার হাট-ছোলেমান বাজার সড়ক ভেঙে গেছে। ঝুঁকিতে রয়েছে খালের ওপর নির্মিত কালভার্টটিও। সম্প্রতি তোলা ছবি l প্রথম আলো

মেঘনা নদীর জোয়ারে পানির তোড়ে নোয়াখালীর সুবর্ণচর উপজেলার আক্তার মিঞার হাট-ছোলেমান বাজার সড়কের একটি কালভার্টের চারপাশের মাটি সরে গেছে। কালভার্টের দুই পাশে সড়কের বেশ কিছু অংশ খালে বিলীন হয়ে গেছে। সড়কটি প্রায় ১৫ কিলোমিটার দীর্ঘ।
বছর খানেক আগে প্রায় ৩০ লাখ টাকা ব্যয়ে খালের ওপর এই কালভার্ট নির্মাণ করা হয়। এই খাল মেঘনা নদীর সঙ্গে যুক্ত। যে কারণে খালে নদীর জোয়ার-ভাটার পানি এই খালে প্রবাহিত হয়।
সম্প্রতি সরেজমিন উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের ছোলেমান বাজার এলাকার ওই সড়ক ও কালভার্টটি ঘুরে দেখা যায়, প্রবল স্রোতে কালভার্টের দুই পাশের সড়ক ভেঙে গেছে। ছোলেমান বাজারের ব্যবসায়ী জসিম উদ্দিন বলেন, সড়কটি সুবর্ণচর উপজেলার গুরুত্বপূর্ণ একটি সড়ক। এই সড়ক দিয়ে ছোলেমান বাজার ছাড়াও স্থানীয় সাবাব চৌধুরীর ঘাট থেকে প্রতিদিন কৃষিপণ্য, ট্রাক ও পিকআপ ভ্যানে করে দেশের বিভিন্ন জেলায় নেওয়া হয়। সড়কটি ভেঙে গিয়ে কালভার্টটি খালে বিলীন হয়ে গেলে এলাকার মানুষের যোগাযোগব্যবস্থা বন্ধ হয়ে যাবে। এতে কৃষক ও জেলেরা ক্ষতির মুখে পড়বেন।
সুবর্ণচর উপজেলা এলজিইডির প্রকৌশলী মো. কামরুজ্জামান প্রথম আলোকে বলেন, সড়ক ভেঙে কালভার্ট হুমকির মুখে পড়ার বিষয়টি তিনি অবগত রয়েছেন। শিগগিরই সড়টির ভাঙা অংশ সংস্কারের উদ্যোগ নেওয়া হবে।