সুবর্ণচরের সেই ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আদালতে মামলা
সালিসের নামে এক স্কুলছাত্রী, তার মা-বাবা ও খালাকে প্রকাশ্যে পিটিয়ে আহত করার ঘটনায় নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরবাটা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোজাম্মেল হোসেনের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। গতকাল সোমবার ওই স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে নোয়াখালীর জ্যেষ্ঠ বিচারক হাকিম ফাহানা ভূঁইয়ার আদালতে মামলাটি করেন।
বাদীপক্ষের আইনজীবী নূরনবী চৌধুরী বলেন, বাদীর করা অভিযোগটি নিয়মিত মামলা হিসেবে গ্রহণ করার জন্য সুবর্ণচরের চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দেন বিচারক।
জানতে চাইলে চরজব্বর থানার ওসি মো. নিজাম উদ্দিন গতকাল বিকেলে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, আদালতে মামলা করার বিষয়টি তিনি শুনেছেন। তবে এখন পর্যন্ত তাঁর কাছে এ-সংক্রান্ত কোনো কাগজপত্র এসে পৌঁছায়নি। এলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
গত ২২ আগস্ট ইউপি কার্যালয়ে ডাকা সালিসি বৈঠকে ওই ছাত্রী, তার মা-বাবা ও খালাকে প্রকাশ্যে পেটানো হয়।