বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউটের ৫০ বছর পূর্তি উপলক্ষে পলিটেকনিক ইনস্টিটিউটের মাঠে আয়োজিত সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে গত শুক্রবার সন্ধ্যায় খাবার না পাওয়ায় শিক্ষার্থীরা ব্যাপক ভাঙচুর করেছেন। পলিটেকনিক ইনস্টিটিউট সূত্রে জানা গেছে, বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউটের ৫০ বছর পূর্তি উপলক্ষে শুক্রবার দিনব্যাপী সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠান উপলক্ষে প্রাক্তন ও বর্তমান প্রায় ২০ হাজার শিক্ষার্থীর মিলনমেলায় সকাল থেকেই মুখরিত হয়ে ওঠে বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউট। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমান এবং বিশেষ অতিথি ছিলেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) আবুল কাশেম। বিকেলে আলোচনা সভা শেষে প্রধান ও বিশেষ অতিথি চলে যান। এরপর সাংস্কৃতিক অনুষ্ঠান শুরুর ঘোষণা দিলেই সন্ধ্যা ছয়টার দিকে খাবারের প্যাকেট না পাওয়ার অভিযোগ তুলে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা অনুষ্ঠানস্থলে ব্যাপক ভাঙচুর শুরু করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে অধ্যক্ষ এবং অন্য শিক্ষকেরাও অনুষ্ঠানস্থল ত্যাগ করেন। সেখানে দায়িত্বরত পুলিশও পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে ব্যর্থ হয়। প্রায় দুই ঘণ্টা ধরে এই ভাঙচুর চলে। পরে ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (আইডিইবি) নেতারা বিষয়টি তদন্তের আশ্বাস দিলে পরিস্থিতি শান্ত হয়।বিক্ষুব্ধ শিক্ষার্থীরা অভিযোগ করেন, খাবারের প্যাকেট কম হলে ৫০ থেকে ১০০ প্যাকেট হতে পারে। কিন্তু ৬০০ থেকে ৭০০ শিক্ষার্থী খাবার পাবেন না, এটা হতে পারে না। এটা ব্যবস্থাপনা কমিটির ব্যর্থতা। এই অনুষ্ঠানের জন্য বিপুল অঙ্কের টাকা তোলা হয়েছে। সেই টাকা গেল কোথায়? বনানী পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মিজানুর রহমান জানান, খাবার না পেয়েই ছাত্ররা অনুষ্ঠানস্থল ও মঞ্চে ভাঙচুর শুরু করেন। পরে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) খন্দকার গোলাম মোস্তাফা বলেন, ‘রান্না করতে গিয়ে কিছু সমস্যা হয়েছিল। এ কারণে ৪০০ ছাত্র খাবার না পেয়ে ভাঙচুর করেছে।’