সুবর্ণজয়ন্তী ও পিঠা উৎসবে দর্শনার্থীর ভিড়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চগড়ের মকবুলার রহমান সরকারি কলেজের ৫০ বছর পূর্তি ও পিঠা উৎসব গতকাল রোববার শুরু হয়েছে। কলেজের প্রতিষ্ঠাতা শিক্ষক, শিক্ষার্থী ও পঞ্চগড়ের সর্বস্তরের মানুষ এতে অংশ নেন। কলেজ ক্যাম্পাস পরিণত হয় নবীন-প্রবীণের মিলনমেলায়।
সকালে কলেজের বটতলায় দুই দিনব্যাপী আয়োজনের উদ্বোধন করেন পঞ্চগড়-১ আসনের সাংসদ নাজমুল হক প্রধান। এ উপলক্ষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহর প্রদক্ষিণ করে ক্যাম্পাসে এসে শেষ হয়। শোভাযাত্রায় ঘোড়া, ঢাকঢোল, গরুর গাড়িসহ বাংলার ঐতিহ্যবাহী নানা অনুষঙ্গ ছিল। বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা নিজ নিজ ব্যানার নিয়ে শোভাযাত্রায় অংশ নেন। এ সময় কয়েক হাজার প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীর উপস্থিতিতে জমজমাট হয়ে ওঠে মেলা প্রাঙ্গণ। প্রাক্তন শিক্ষার্থীরা স্মৃতিচারণায় মেতে ওঠেন। উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় লোকশিল্পী কসিমউদ্দিনের রচনায় ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থীরা জারি গান পরিবেশন করেন।
অনুষ্ঠানে কলেজের ছাত্র সংসদের সাবেক সহসভাপতি ও সম্পাদকদের সম্মানিত করা হয়। এ সময় ছাত্র সংসদের প্রথম সহসভাপতি আবদুল মজিদকে (১৯৭২-৭৩) উত্তরীয় পরিয়ে দেন সাংসদ নাজমুল হক প্রধান।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পঞ্চগড়-২ আসনের সাংসদ নূরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র তৌহিদুল ইসলাম, জেলা পরিষদ প্রশাসক আবু বকর ছিদ্দিক। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কলেজের উপাধ্যক্ষ দেলওয়ার হোসেন প্রধান। সভাপতিত্ব করেন অধ্যক্ষ আবদুল খালেক। অনুষ্ঠানের আহ্বায়ক এ আই এম আইনুন নিশাত খান প্রমুখ বক্তব্য দেন।