চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী উপলক্ষে দুই দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে। আগামী শুক্রবার চট্টগ্রাম নগরে আনুষ্ঠানিকতার সূচনা হলেও মূল অনুষ্ঠান হবে পরদিন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা টেলিকনফারেন্সের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে আয়োজিত সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানের উদ্বোধন করবেন।
গতকাল মঙ্গলবার চট্টগ্রাম নগরের আগ্রাবাদে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ইফতেখার উদ্দিন চৌধুরী এসব কথা বলেন।
উপাচার্য বলেন, শনিবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা টেলিকনফারেন্সের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে আয়োজিত সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানের উদ্বোধন করবেন। এ ছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুবর্ণজয়ন্তী উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করবেন।
উপাচার্য ইফতেখার উদ্দিন চৌধুরী বলেন, এ অনুষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষকের দায়িত্ব নিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।
সংবাদ সম্মেলনে জানানো হয়, সুবর্ণজয়ন্তী উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীরা আগামী শুক্রবার সন্ধ্যায় অভ্যর্থনা অনুষ্ঠানের আয়োজন করেছেন। এ অনুষ্ঠান শুধু নিবন্ধন করা সাবেক শিক্ষার্থীদের জন্য। এর আগে বেলা তিনটায় বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীরা নগরে অবস্থিত চারুকলা ইনস্টিটিউট থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করবেন।
উপাচার্য বলেন, শনিবার বিশ্ববিদ্যালয় জাদুঘরে সাবেক শিক্ষার্থীদের জন্য বিশেষ প্রদর্শনীর ব্যবস্থা থাকবে। সেদিন দুপুরে সাংস্কৃতিক অনুষ্ঠানে সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা ছাড়াও শিল্পী তপন চৌধুরী ও দিনাত জাহান মুন্নী সংগীত পরিবেশন করবেন। এ ছাড়া থাকবে সংগীত দল ওয়ারফেজ, লালন ও আর্টসেলের পরিবেশনা।
উপাচার্য জানান, সাবেক শিক্ষার্থীদের ঢাকা থেকে চট্টগ্রাম আসার জন্য বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। এ ছাড়া শনিবার নগরের বটতলী ও ষোলশহর রেলওয়ে স্টেশন থেকে ছয়টি শাটল ট্রেন সকাল সাড়ে সাতটা থেকে আধা ঘণ্টা পরপর বিশ্ববিদ্যালয়ের উদ্দেশে ছেড়ে যাবে। নগরের ১০টি স্থানে থাকবে বিশ্ববিদ্যালয়ের ৩০টি বাস। এ ছাড়া বিশেষ ট্রেন ও বিআরটিসির ১২টি দোতলা বাস থাকবে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, উৎসবের জন্য ২৯ হাজার ৯০১ জন সাবেক ও বর্তমান শিক্ষার্থী নিবন্ধন করেছেন।
সংবাদ সম্মেলনে চট্টগ্রাম চেম্বার অব কমার্সের সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী মাহবুবুল আলম জানান, শুক্রবার সন্ধ্যায় জিইসি কনভেনশন সেন্টারে আয়োজিত অনুষ্ঠানের নাম দেওয়া হয়েছে ওয়েলকাম নাইট। এ অনুষ্ঠানে কণ্ঠশিল্পী রুনা লায়লা, সন্দীপন আচার্য ও হৈমন্তী রক্ষিত পাল সংগীত পরিবেশন করবেন। রাতে রয়েছে মেজবানের আয়োজন।
বিশ্ববিদ্যালয়ের তথ্য শাখার ডেপুটি রেজিস্ট্রার ফরহাদ হোসেনের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ও সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানের সমন্বয়ক মোহাম্মদ কামরুল হুদা, সহ-উপাচার্য শিরীণ আখতার, চাকসুর ভিপি নাজিম উদ্দিন, সুবর্ণজয়ন্তীর প্রচার ও প্রকাশনা আহ্বায়ক ফরিদ উদ্দিন আহামেদ। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোহাম্মদ আলী আজগর চৌধুরী, ডিনস কমিটির আহ্বায়ক মো. সেকান্দর চৌধুরী, বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি এ এফ এম আওরঙ্গজেব প্রমুখ।