সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানের আগে অস্থিতিশীল করার চেষ্টা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী ডিসেম্বরে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী উৎসব উদ্যাপিত হবে। সেই উৎসবের আগে ক্যাম্পাসের পরিস্থিতি অস্থিতিশীল করার অপচেষ্টা চলছে বলে মনে করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রফিকুল হক।এদিকে বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে প্রক্টর এম এ সালামের ঘুষি মারার ছবি ও সংবাদ প্রকাশের ঘটনায় গত বুধবার তিন সদস্যের একটি তদন্ত কমিটি করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ৯ অক্টোবর বিশ্ববিদ্যালয় শাখা সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের নেতা-কর্মীরা প্রশাসনিক ভবন অবরোধ করতে গেলে প্রক্টর এম এ সালাম এবং বিশ্ববিদ্যালয়ের এক কর্মচারী এক ছাত্রীকে ঘুষি মারেন বলে বুধবার ও গতকাল বৃহস্পতিবার একটি জাতীয় দৈনিকে দুটি সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়।উপাচার্য রফিকুল হক গতকাল প্রথম আলোকে বলেন, আগামী ডিসেম্বরে বিশ্ববিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে ১০ হাজার কৃষিবিদের পুনর্মিলনী হবে। উৎসবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসার কথা। এ জন্য ক্যাম্পাসের পরিস্থিতি অস্থিতিশীল করার অপচেষ্টা চলছে। কেউ ষড়যন্ত্রমূলকভাবে বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি নষ্ট করতে চাইলে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।উপাচার্য বলেন, ‘গত ২ সেপ্টেম্বর সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের দাবি ছিল দুটি—ভর্তি ফরমের দাম কমানো এবং ২০১১ সালে উচ্চমাধ্যমিকে উত্তীর্ণ শিক্ষার্থীদেরও আবেদনের সুযোগ দেওয়া। আমরা ছাত্রফ্রন্টের নেতাদের ডেকে তাদের দাবি মেনে নিলে তারা ক্যাম্পাসে বিজয় মিছিলও করে এবং নতুন কোনো দাবি তুলবে না বলে কথা দেয়। কিন্তু দুই দিন পরই (৪ সেপ্টেম্বর) প্রগতিশীল ছাত্রজোটের ব্যানারে ছাত্রফ্রন্ট ও ছাত্র ইউনিয়ন বর্ধিত ভর্তি ফি কমানোর দাবি জানায়। এটি সন্দেহজনক।’বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা যায়, প্রধানমন্ত্রীর নির্দেশে সম্প্রতি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন নিজস্ব আয় বাড়ানোর তাগিদ দিলে বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষক মিলে নতুন ভর্তি ফি নির্ধারণ করা হয় পাঁচ হাজার ৯০০ টাকা। নতুন এই ভর্তি ফি দেশের অন্যান্য বেশির ভাগ বিশ্ববিদ্যালয় থেকে কম বলে দাবি করেন উপাচার্য রফিকুল হক।এ ব্যাপারে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রফ্রন্টের সভাপতি সেঁজুতি চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘আমাদের প্রথম দুই দফা দাবি মেনে নেওয়ার পর বিজয় মিছিল করেছি। আমরা কখনো বলিনি, আর কোনো বিষয় নিয়ে আন্দোলন করব না। উচ্চশিক্ষাকে সর্বজনীন করার চিন্তা থেকে আমরা বর্ধিত ফি প্রত্যাহারের দাবি জানিয়ে আসছি এবং জানাব।’ছাত্রীকে মারধর প্রসঙ্গে বক্তব্য: প্রক্টর এম এ সালাম দাবি করে বলেন, ‘আমাকে জড়িয়ে পত্রপত্রিকায় যেসব ছবি ও খবর প্রকাশিত হচ্ছে, তা কখনোই মানি না। শিক্ষক হয়ে কখনোই ছাত্রীর গায়ে হাত তুলতে পারি না। আমি তাঁদের আক্রমণ থেকে নিজেকে রক্ষা করার চেষ্টাই করেছি।’উপাচার্য রফিকুল হক বলেন, ঘটনা খতিয়ে দেখতে বিশ্ববিদ্যালয়ের কৃষিতত্ত্ব বিভাগের অধ্যাপক আবদুর রহিমকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদনের আলোকে দোষীদের শাস্তি দেওয়া হবে।