সুবর্ণার ওপর অ্যাসিড নিক্ষেপের প্রতিবাদে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদারীপুরের রাজৈর উপজেলার সুবর্ণা গয়লার (২৩) ওপর অ্যাসিড নিক্ষেপের প্রতিবাদে এবং দোষী ব্যক্তিদের শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা হয়েছে। প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে গতকাল শুক্রবার সকালে মাদারীপুর প্রেসক্লাবের সামনে ওই কর্মসূচি পালিত হয়।
প্রথম আলো বন্ধুসভার মাদারীপুর শাখার আয়োজনে মানববন্ধনে মানবাধিকারকর্মী, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি, মাদারীপুর লিগ্যাল এইড অ্যাসোসিয়েশনের প্রতিনিধিসহ সর্বস্তরের লোকজন অংশ নেন। মানববন্ধন শেষে প্রতিবাদ সভায় মাদারীপুর বন্ধুসভার সহসভাপতি কুমার লাভলুর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি গোলাম মাওলা আকন্দ, সাংবাদিক ফোরকান আহমেদ, সেলিম ফরাজী, সৈয়দ আবুল হোসেন কলেজের সহযোগী অধ্যাপক বশীর আহমঞ্চদ, চরমুগরিয়া কলেজের সহকারী অধ্যাপক এম এ আকবর খোকা, মাদারীপুর উন্নয়ন সংস্থার সদস্যসচিব রিপনচন্দ্র মল্লিক, মহিলা উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক ফরিদা ইয়াছমিন প্রমুখ।
এ সময় অ্যাসিডদগ্ধ সুবর্ণার বাবা সুনীল সরকার, মা বারুণী সরকার, খালাতো ভাই অজিত গাইন উপস্থিত থেকে দোষী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বক্তব্য দেন।
২০ অক্টোবর ভোর রাতে রাজৈরের কদমবাড়ী ইউনিয়নের রথবাড়ী গ্রামের সুবর্ণার ওপর অ্যাসিড নিক্ষেপ করে পালিয়ে যান একই গ্রামের নির্মল সন্ন্যাসী (২৫) ও তাঁর সহযোগীরা। অ্যাসিডে সুবর্ণার বাঁ হাত ও কাঁধ ঝলসে যায়। বর্তমানে তিনি ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান প্রথম আলোকে বলেন, ‘ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের পক্ষ থেকে মামলার অপেক্ষায় আছি। লিখিত অভিযোগ পেলেই মামলা করে আসামি গ্রেপ্তারে অভিযান চালানো হবে।’