সুবল চন্দ্রের বিরুদ্ধে দুর্নীতি দমন আইনে শিক্ষা বোর্ডের মামলা
রংপুরে উচ্চমাধ্যমিক পরীক্ষার (এইচএসসি) উত্তরপত্রে নতুন করে লেখার সুযোগ করে দেওয়ার চেষ্টার ঘটনায় কলেজশিক্ষক সুবল চন্দ্রের বিরুদ্ধে দুর্নীতি দমন আইনে গত সোমবার মামলা করেছে দিনাজপুর শিক্ষা বোর্ড। এদিকে, ওই ঘটনায় গ্রেপ্তার হওয়া শিক্ষক আশরাফুল আলম রিমান্ডে জিজ্ঞাসাবাদের সময় পুলিশকে বলেছেন, তিনি অর্থের বিনিময়ে সুবল চন্দ্রকে সহযোগিতা করতে চেয়েছিলেন।জানা গেছে, দিনাজপুর বোর্ডের উপপরীক্ষা নিয়ন্ত্রক খ ম রফিকুল ইসলাম সোমবার রংপুরের গঙ্গাচড়া থানায় সুবল চন্দ্রের বিরুদ্ধে দুর্নীতি দমন আইনে মামলা করেছেন।গঙ্গাচড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম বলেন, মামলার এজাহারে বলা হয়েছে, পরীক্ষক সুবল চন্দ্র সরকারি ক্ষমতার অপব্যবহার ও বিশ্বাস ভঙ্গ করে উত্তরপত্রে নতুন পাতা সংযোজন এবং মূল উত্তরপত্র পরিবর্তন করে অর্থের বিনিময়ে পরীক্ষার্থীদের অবৈধ সুযোগ পাইয়ে দিতে চেয়েছিলেন। সুবল চন্দ্র কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার সোনাহাট ডিগ্রি কলেজের ইংরেজির প্রভাষক।এদিকে, গ্রেপ্তার হওয়া অপর শিক্ষক আশরাফুল আলমকে দুই দিনের জিজ্ঞাসাবাদ শেষে সোমবার জেলহাজতে পাঠানো হয়েছে। রিমান্ডে আশরাফুল আলম বলেছেন, অর্থের বিনিময়ে তিনি সুবল চন্দ্রের সঙ্গে কাজ করতে রাজি হয়েছিলেন। তাঁর শ্বশুরবাড়ি রংপুর শহরের কামালকাছনার বৈরাগীপাড়ায়। রংপুর শহর তাঁর পরিচিত হওয়ায় তিনি ওই কাজ করার দায়িত্ব নেন।রংপুরের গঙ্গাচড়া উপজেলার বিনোদনকেন্দ্র ভিন্নজগতের পাশে একটি হোটেলের ফটক থেকে গত বুধবার রাতে এইচএসসি ইংরেজি দ্বিতীয় পত্রের ৮৮টি উত্তরপত্রসহ সোনাহাট ডিগ্রি কলেজের শিক্ষক আশরাফুল আলমকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। তাঁর স্বীকারোক্তি অনুযায়ী ওই রাতেই আরেক কলেজশিক্ষকসহ আরও ছয়জনকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় সুবল চন্দ্র ও গ্রেপ্তার হওয়া সাতজনকে আসামি করে গত বৃহস্পতিবার গঙ্গাচড়া থানায় মামলা করেন গোয়েন্দা পুলিশের এসআই মুস্তাফিজুর রহমান। আশরাফুল আলম জানান, উত্তরপত্রে নতুন করে লেখার সুযোগ দেওয়ার জন্য প্রায় ১০০ পরীক্ষার্থীর কাছ থেকে তাঁরা পাঁচ থেকে সাত হাজার করে টাকা নিয়েছেন। বৃহস্পতিবার সকালে ওই পরীক্ষার্থীরা বিনোদনকেন্দ্র ভিন্নজগতে জড়ো হয়ে নিজ নিজ উত্তরপত্রে নতুন করে লিখবে—এমন কথা ছিল।