সুবলং থেকে অপহূতরা মুক্তি পাননি, দুজনকে মেরে ফেলার গুজব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটির বরকল উপজেলার সুবলং ইউনিয়নের চিলাকডাক এলাকা থেকে অপহূত ১৩ জনের ভাগ্য নিয়ে তাঁদের পরিবার চিন্তিত হয়ে পড়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে পালিয়ে আসার চেষ্টাকালে অপহরণকারীরা দুই অপহূতকে গুলি করে হত্যা করেছে বলে গুজব ছড়িয়ে পড়লে পরিবারের লোকজন উৎকণ্ঠিত হয়ে পড়েন।অপহূত ব্যক্তিদের কয়েকজন স্বজন নাম প্রকাশ না করার অনুরোধ জানিয়ে বলেন, অপহূতদের মুক্তির বিনিময়ে কোনো মুক্তিপণ দাবি করছে না অপহরণকারীরা। স্থানীয় জনপ্রতিনিধি ও আত্মীয়স্বজনের মাধ্যমে সুবলং বাজার খুলে দিতে চাপ দেওয়া হচ্ছে। তাঁরা জানান, গতকাল বিকেলে তাঁদের কাছে খবর এসেছে, দুই অপহূত পালিয়ে আসার চেষ্টাকালে অপহরণকারীরা ধাওয়া করে। এ সময় গুলি করা হলে দুজনেই গুলিবিদ্ধ হয়ে মারা যান। তবে তাঁদের নাম কেউ জানাতে পারেননি। নাম প্রকাশ না করার শর্তে একজন জনপ্রতিনিধি জানান, অপহূত ব্যক্তিদের উদ্ধারে প্রশাসনের তেমন কোনো তৎপরতা নেই। কর্মকর্তারা শুধু ফোনে খবর নিয়ে দায়িত্ব পালন করছেন।তবে বরকল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুদ্দিন আহমেদ জানান, অপহরণের খবর পাওয়ার পর থেকে প্রশাসন তৎপর রয়েছে। এরই মধ্যে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানও পরিচালনা করা হয়েছে। দুজনকে মেরে ফেলার বিষয়টি গুজব উল্লেখ করে তিনি বলেন, অপহরণকারীরা যে দাবি জানাচ্ছে, তা কাউকে মেরে ফেলার মতো দাবি নয়। অপহূতরা সুস্থ আছেন এমন খবর তাঁদের কাছে আছে বলে দাবি করেন ইউএনও। পার্বত্য চট্টগ্রামের বিবদমান দুই রাজনৈতিক দল জনসংহতি সমিতি ও ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) মধ্যে সুবলং বাজার বসানো নিয়ে দ্বন্দ্বের জের ধরে অপহরণের ঘটনা ঘটে। গত রোববার বিকেলে দুটি ইঞ্জিনচালিত দেশীয় নৌকায় (ট্রলার) করে মৌসুমি ফল রাঙামাটি নিয়ে আসার পথে ১৩ জনকে অপহরণ করা হয়। এ ঘটনার সঙ্গে ইউপিডিএফের জড়িত থাকার অভিযোগ রয়েছে। তবে ইউপিডিএফ সে অভিযোগ অস্বীকার করেছে।