সুবলং বাজারে আটক রূপময় চাকমা জেলহাজতে
রাঙামাটির সুবলং বাজার থেকে আটক রূপময় চাকমাকে (২৫) গতকাল মঙ্গলবার জেলহাজতে পাঠানো হয়েছে। পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করেছে। গত সোমবার ভোর সাড়ে চারটার দিকে রূপময় চাকমাকে স্থানীয় সেনাবাহিনীর টহল দল মাজারঘাট থেকে আটক করে। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে পানি থেকে তিনটি গুলিসহ একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়। সেনাবাহিনীর রাঙামাটি অঞ্চলের এক কর্মকর্তা বলেন, সন্দেহজনক অবস্থায় রূপময় চাকমাকে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদে তিনি একটি পিস্তল পানিতে ফেলে দেওয়া ও একজনকে হত্যার উদ্দেশ্যে মাজারঘাটে আসার কথা স্বীকার করেন। রূপময় পার্বত্য চুক্তির পক্ষের সদস্য বলে সেনা কর্মকর্তা জানান।যোগাযোগ করা হলে জনসংহতি সমিতির সহকারী তথ্য ও প্রচার সম্পাদক সজীব চাকমা বলেন, ‘চুক্তির সমর্থক সাধারণ যে কেউ চুক্তির পক্ষের হতে পারে। তবে আটক ব্যক্তি কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়িত কি না, জানা যায়নি। একটি সামাজিক অনুষ্ঠানে কথা-কাটাকাটির জের ধরে ওই ব্যক্তির বিরুদ্ধে কোনো একজন সেনাবাহিনীর কাছে মিথ্যা অভিযোগ করার কথা আমরা জেনেছি।’