সুবলং বাজারে হাট বসেছে, ১৩ আদিবাসীর মুক্তি মেলেনি
১৩ আদিবাসীকে অপহরণকারীদের দাবি অনুযায়ী গতকাল রাঙামাটির সুবলং বাজারে হাট বসলেও গতকাল শুক্রবার পর্যন্ত তাঁরা মুক্তি পাননি। অপহূত ব্যক্তিদের স্বজনেরা গতকাল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সুবলং বাজারে অপেক্ষায় ছিলেন। স্থানীয় জনপ্রতিনিধি এবং অপহূতদের পরিবারের আশা আজ শনিবার তাঁদের মুক্তি মিলবে। অপহূত ব্যক্তিদের পরিবারের কয়েকজন সদস্য জানান, অপহূতরা সবাই পরিবারের প্রধান বা অন্যতম উপার্জনকারী ব্যক্তি। তাঁরা অপহূত হওয়ার পর মুক্তিপণের বিনিময়ে হলেও মুক্ত করার চেষ্টা করা হয়েছিল। কিন্তু অপহরণকারীরা বারবার বলেছে, সুবলং বাজার খুলে দেওয়া হলে মুক্তি দেওয়া হবে। তবে বাজার খুলে দেওয়ার পরও মুক্তি না পাওয়ায় তাঁরা হতাশ। সুবলং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তরুণ জ্যোতি চাকমা জানান, অপহূত ব্যক্তিদের সন্ধ্যা সাতটা পর্যন্ত মুক্তির খবর পাওয়া যায়নি। জানা গেছে, পার্বত্য চট্টগ্রামের বিবদমান দুই রাজনৈতিক দল জনসংহতি সমিতি ও ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) দ্বন্দ্বের কারণে গত তিন সপ্তাহ সুবলং বাজারে হাট বসেনি।