জামায়াতে ইসলামীর নায়েবে আমির মুহাম্মদ আবদুস সুবহানের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় গতকাল মঙ্গলবার জবানবন্দি দিয়েছেন রাষ্ট্রপক্ষের ১৯তম সাক্ষী নিজাম উদ্দিন খান। জবানবন্দিতে তিনি বলেন, একাত্তরে তাঁর চাচা কলিমুদ্দিনকে সুবহান ও রাজাকাররা ধরে নিয়ে যায়। পরে তাঁকে গুলি করে হত্যা করা হয়।
বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ নিজাম উদ্দিনের জবানবন্দি নেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি সুলতান মাহমুদ। এ সময় আসামির কাঠগড়ায় সুবহান হাজির ছিলেন।
জবানবন্দিতে নিজাম উদ্দিন (৬০) বলেন, তাঁর গ্রামের বাড়ি পাবনার চরতারাপুর গ্রামে। একাত্তরে তাঁদের গ্রামের পাশে দুবলিয়া বাজারে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে রাজাকার ক্যাম্প ছিল। ওই ক্যাম্পে সুবহান প্রায়ই যাতায়াত করতেন। দুবলিয়া হিন্দু-অধ্যুষিত গ্রাম। একাত্তরে তাঁর চাচা সামরিক বাহিনীর সদস্য কলিমুদ্দিন ওই গ্রামের হিন্দু পরিবারগুলোকে রাজাকার বাহিনীর লুণ্ঠন ও অত্যাচার থেকে রক্ষার চেষ্টা করেন।
রাষ্ট্রপক্ষের এই সাক্ষী বলেন, একাত্তরের সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে এক দুপুরে দুবলিয়া বাজারে গোবিন্দর চায়ের দোকানে বসে কলিমুদ্দিন চা পান করছিলেন। এ সময় বাজারের রাজাকার ক্যাম্পে সাদা একটি জিপ আসতে দেখা যায়। কিছুক্ষণ পর সুবহানসহ রাজাকার কমান্ডার সামাদের নেতৃত্বে সাত-আটজন সশস্ত্র রাজাকার ওই চায়ের দোকান থেকে কলিমুদ্দিনকে ধরে ক্যাম্পে নিয়ে যায়। সেখানে তাঁকে মারধর করা হয়। সন্ধ্যার আগে কলিমুদ্দিনসহ দুজনকে সুবহান সাদা জিপে করে পাবনা শহরের দিকে নিয়ে যান। পরদিন সকালে তাঁর আরেক চাচা নইমুদ্দিন ও তিনিসহ (সাক্ষী) ১০-১৫ জন কুচিয়ামাড়া কালীমন্দিরের কাছাকাছি গেলে গাড়ির শব্দ পান। গাড়িটি কালীমন্দিরের সামনে থামে। গাড়ি থেকে সুবহান নামার পর কলিমুদ্দিনকে নামিয়ে মন্দিরে নিয়ে যাওয়া হয়। তাঁরা ঝোপের আড়ালে লুকান। তখন কয়েকটি গুলির শব্দ পান। কিছুক্ষণ পর সুবহান ও রাজাকাররা গাড়িতে করে পাবনার দিকে চলে গেলে তাঁরা মন্দিরে ঢুকে চাচার গুলিবিদ্ধ লাশ দেখেন।
নিজাম উদ্দিন জবানবন্দি শেষ করার পর তাঁকে জেরা করেন আসামিপক্ষের আইনজীবী মিজানুল ইসলাম। পরে এই মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য আজ বুধবার দিন ধার্য করা হয়।