সুবহানের অভিযোগ আমলে নিলেন ট্রাইব্যুনাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আটক জামায়াতে ইসলামীর নায়েবে আমির মুহাম্মদ আবদুস সুবহানের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। আগামী ২ অক্টোবর অভিযোগের বিষয়ে শুনানির জন্য তারিখ ধার্য করা হয়েছে।

আজ বৃহস্পতিবার বিচারপতি এ টি এম ফজলে কবীরের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ-সংক্রান্ত আদেশ দেন।

১৬ সেপ্টেম্বর সুবহানের বিরুদ্ধে অভিযোগ আমলে নেওয়া হবে কি না, সে বিষয়ে শুনানির জন্য ১৯ সেপ্টেম্বর দিন ধার্য করেন ট্রাইব্যুনাল। আজ সুবহানের বিরুদ্ধে অভিযোগ আমলে নিলেন ট্রাইব্যুনাল। এ সময় ট্রাইব্যুনালে সুবহান হাজির ছিলেন।

১৫ সেপ্টেম্বর রাষ্ট্রপক্ষ সুবহানের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ ট্রাইব্যুনালে জমা দেয়।

এর আগে ১৪ সেপ্টেম্বর তদন্ত সংস্থা সুবহানের বিরুদ্ধে তদন্ত শেষ করে রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলির কাছে জমা দেয়।

রাষ্ট্রপক্ষ জানায়, তদন্ত প্রতিবেদনে সুবহানের বিরুদ্ধে মুক্তিযুদ্ধকালে গণহত্যা, হত্যা, অপহরণ, আটক, নির্যাতন, লুণ্ঠন, অগ্নিসংযোগ ও মানবতাবিরোধী অপরাধে ষড়যন্ত্রের নয়টি অভিযোগ আনা হয়েছে। এসব অভিযোগের পক্ষে তদন্ত কর্মকর্তাসহ ৪৩ জন সাক্ষী রয়েছেন।

২০১২ সালের ২০ সেপ্টেম্বর পাবনার একটি ফৌজদারি মামলায় সুবহানকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ২৩ সেপ্টেম্বর তাঁকে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আটকাদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। ওই সময় থেকে তিনি কারাগারে আটক রয়েছেন।