সুবহানের জামিন আবেদনের শুনানি শেষ, আদেশ আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানবতাবিরোধী অপরাধের অভিযোগে কারাগারে আটক জামায়াতে ইসলামীর নায়েবে আমির মোহাম্মদ আবদুস সুবহানের জামিন আবেদনের আদেশের জন্য আজ মঙ্গলবার দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল গতকাল সোমবার সুবহানের জামিনের আবেদনের শুনানি শেষে এ দিন ধার্য করেন।শুনানিতে আসামিপক্ষের প্রধান আইনজীবী আবদুর রাজ্জাক বলেন, আসামি একজন জনপ্রিয় নেতা। ১৯৯১ ও ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে তিনি সাংসদ নির্বাচিত হন। বর্তমান সরকার রাজনৈতিক প্রতিপক্ষকে দমনের জন্য আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনালস) আইন, ১৯৭৩-কে ব্যবহার করছে। আসামিকে অন্য কোনো মামলায় আটক রাখা সম্ভব নয় বলে তাঁর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে। এ ছাড়া তাঁর বয়স ৮৪ বছর, তিনি বিভিন্ন রোগে আক্রান্ত।জামিনের বিরোধিতা করে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি হূষিকেশ সাহা বলেন, আসামির বিরুদ্ধে একাত্তরে মানবতাবিরোধী অপরাধের নানা অভিযোগ রয়েছে। তিনি এলাকায় অত্যন্ত প্রভাবশালী ব্যক্তি, অনেকেই তাঁর বিরুদ্ধে সাক্ষ্য দিতে ভয় পাচ্ছে। সুষ্ঠু ও কার্যকর তদন্তের স্বার্থে তাঁকে আটক রাখা দরকার।ট্রাইব্যুনালের পূর্ববর্তী আদেশ অনুসারে গতকাল সুবহানকে হাজির করা হয়নি।পাবনা সদর থানার একটি ফৌজদারি মামলার পরোয়ানাভুক্ত আসামি সুবহানকে গত ২০ সেপ্টেম্বর গ্রেপ্তার করা হয়। ২৩ সেপ্টেম্বর রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে ট্রাইব্যুনাল তাঁকে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আটক রাখার আদেশ দেন। তিনি ঢাকা কেন্দ্রীয় কারাগারে আটক আছেন।গোলাম আযমের বিরুদ্ধে পরবর্তী সাক্ষ্য গ্রহণ আজ: একই ট্রাইব্যুনালে গতকাল জামায়াতের সাবেক আমির গোলাম আযমের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের ১৩তম সাক্ষী এক নারীর ‘ক্যামেরা ট্রায়ালে’ জেরা শেষ হয়। মুক্তিযুদ্ধকালে তাঁর স্বামী সিরু মিয়া দারোগা ও ছেলে আনোয়ার কামাল শহীদ হন। এ মামলায় পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য আজ দিন ধার্য করা হয়েছে।সাজেদা চৌধুরীর ব্যাখ্যা জমা দিয়েছেন আইনজীবী: আদালত অবমাননার অভিযোগের বিষয়ে সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর ব্যাখ্যা গতকাল ট্রাইব্যুনাল-২-এ জমা দিয়েছেন তাঁর আইনজীবী আবদুল বাসেত মজুমদার। তিনি সময়ের আরজি জানালে বিচারপতি এ টি এম ফজলে কবীরের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল শুনানির জন্য ১৮ অক্টোবর দিন ধার্য করেন।মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আটক জামায়াত নেতাদের প্রধান আইনজীবী আবদুর রাজ্জাক গত ৫ আগস্ট সাজেদা চৌধুরীর বিরুদ্ধে আদালত অবমাননার এ অভিযোগ আনেন।