সুবহানের জামিনের আবেদন খারিজ
মানবতাবিরোধী অপরাধের অভিযোগে কারাগারে আটক জামায়াতে ইসলামীর নায়েবে আমির আবদুস সুবহানের জামিনের আবেদন খারিজ করেছেন ট্রাইব্যুনাল। বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ গতকাল মঙ্গলবার এ আদেশ দেন।আদেশে ট্রাইব্যুনাল বলেন, আসামিপক্ষ আবদুস সুবহানের জামিনের জন্য যেসব কারণ উল্লেখ করেছে, তা ট্রাইব্যুনালের কাছে যৌক্তিক মনে হয়নি। এ ছাড়া তিনি যে বিভিন্ন রোগে অসুস্থ, এ-সংক্রান্ত লিখিত কোনো নথি ট্রাইব্যুনালে দেওয়া হয়নি। এরপর ট্রাইব্যুনাল তাঁর জামিনের আবেদন খারিজ করেন।সুবহানের জামিন আবেদনের ওপর গত সোমবার শুনানি হয়। পাবনা সদর থানার একটি ফৌজদারি মামলার পরোয়ানাভুক্ত আসামি সুবহানকে ২০ সেপ্টেম্বর বঙ্গবন্ধু সেতুর পূর্ব প্রান্ত থেকে গ্রেপ্তার করা হয়। ২৩ সেপ্টেম্বর ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষ মানবতাবিরোধী অপরাধের অভিযোগে তাঁকে আটক রাখার আবেদন জানায়। শুনানি শেষে ট্রাইব্যুনাল সুষ্ঠু ও কার্যকর তদন্তের স্বার্থে তাঁকে পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত কারাগারে রাখার নির্দেশ দেন। তিনি ঢাকা কেন্দ্রীয় কারাগারে আটক রয়েছেন।সাঈদীর পক্ষে সপ্তম সাক্ষীর জবানবন্দি: একই ট্রাইব্যুনালে জামায়াতের নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামিপক্ষের সপ্তম সাক্ষী জামাল হোসেন ফকির গতকাল জবানবন্দি দিয়েছেন। তাঁর জবানবন্দি নেন আসামিপক্ষের আইনজীবী মঞ্জুর আহসান। জবানবন্দিতে সাক্ষী বলেন, তাঁর গ্রামের বাড়ি পিরোজপুরের নলবুনিয়া গ্রামে। একাত্তরে তিনি জমি চাষ ও মাছ ধরে জীবিকা নির্বাহ করতেন। মুক্তিযুদ্ধ চলাকালে আশ্বিন মাসের মাঝামাঝি তিনি বাড়ির কাছে একটি শব্দ শুনতে পান। পরে আজাহার আলী হাওলাদারের বাড়িতে কান্নার শব্দ শোনেন।জামাল হোসেন পাকিস্তানি সেনাদের হাতে তাঁর ফুফু মমতাজ বেগমের স্বামী ইব্রাহিম কুট্টি ও তাঁর ভাইয়ের হত্যার ঘটনা বলেন। তিনি বলেন, একাত্তরের পর মমতাজ বেগম ভাই ও স্বামী হত্যার বিচার চেয়ে একটি মামলা করেন। প্রায় আধা ঘণ্টা জবানবন্দি শেষে জামালকে জেরা শুরু করেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি সৈয়দ হায়দার আলী। কয়েকটি প্রশ্নের পর জেরা আজ বুধবর পর্যন্ত মুলতবি করা হয়।জালাল উদ্দিনকে জেরা শেষ: জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ কামারুজ্জামানের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় রাষ্ট্রপক্ষের দশম সাক্ষী মো. জালাল উদ্দিনকে গতকাল জেরা শেষ করেছেন আসামিপক্ষের আইনজীবী কফিল উদ্দিন চৌধুরী। বিচারপতি এ টি এম ফজলে কবীরের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ এই জেরা হয়।এ সময় কামারুজ্জামান আসামির কাঠগড়ায় উপস্থিত ছিলেন। এই জেরা শেষে রাষ্ট্রপক্ষের পরবর্তী সাক্ষীর জবানবন্দি দেওয়ার কথা ছিল। তবে সাক্ষী হাজির ছিলেন না। রাষ্ট্রপক্ষের কৌঁসুলি এ কে এম সাইফুল ইসলাম ট্রাইব্যুনালে বলেন, সাক্ষী অসুস্থ, তাই তাঁকে হাজির করা সম্ভব নয়। বিষয়টি আগে না জানানোয় ট্রাইব্যুনাল ক্ষোভ প্রকাশ করেন। পরে ৮ অক্টোবর এই মামলায় পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেন ট্রাইব্যুনাল।