মানবতাবিরোধী অপরাধের বিচার: জবানবন্দিতে সাক্ষী জাহানারা বেগম
সুবহানের দেখানো মতে সেনারা স্বামীকে হত্যা করে
জামায়াতে ইসলামীর নায়েবে আমির মুহাম্মদ আবদুস সুবহানের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় গতকাল বৃহস্পতিবার জবানবন্দি দিয়েছেন রাষ্ট্রপক্ষের সপ্তম সাক্ষী জাহানারা বেগম (৬৫)৷ জবানবন্দিতে তিনি বলেছেন, একাত্তরে সুবহানের দেখানো মতে পাকিস্তানি সেনারা তাঁর স্বামী রজব আলী বিশ্বাসকে গুলি করে হত্যা করে।
বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইবু৵নাল-২-এ জাহানারা বেগমের জবানবন্দি নেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি রেজিয়া সুলতানা৷ এ সময় আসামির কাঠগড়ায় সুবহান হাজির ছিলেন৷
জবানবন্দিতে জাহানারা বেগম বলেন, তাঁদের বাড়ি পাবনার ঈশ্বরদীর সাহাপুর গ্রামে৷ মুক্তিযুদ্ধকালে তাঁর বয়স ছিল ২২ বছর৷ তাঁর স্বামী ঠিকাদারি করতেন, আওয়ামী লীগ ও স্বাধীনতা সংগ্রাম পরিষদের নেতা ছিলেন৷ মুক্তিযুদ্ধের সময় তিনি (সাক্ষী) মুক্তিযোদ্ধাদের জন্য রান্না করতেন ও অস্ত্র লুকিয়ে রাখতেন৷ একাত্তরের ২ মে ফজরের নামাজের পর তিনি গোলাগুলির শব্দ পান৷ এ সময় সুবহান পাকিস্তানি সেনাদের নিয়ে তাঁদের গ্রাম ঘিরে ফেলে গুলি করতে করতে এগোতে থাকে এবং বিভিন্ন বাড়িতে অগ্নিসংযোগ করতে থাকে। চারদিকে গুলির আওয়াজে তাঁরা ভীতসন্ত্রস্ত হয়ে পড়েন এবং নিরাপদ আশ্রয়ের জন্য তিনি, তাঁর স্বামী, স্বামীর বন্ধু শামসুল হক, শ্বশুর-শাশুড়িসহ বাড়ির পেছনে বাঁশবাগানে লুকান৷ একপর্যায়ে সুবহান ও পাকিস্তানি সেনারা তাঁদের ঘিরে ফেলে৷
রাষ্ট্রপক্ষের এই সাক্ষী বলেন, এ সময় সুবহানের দেখানো মতে সেনারা তাঁর স্বামীকে গুলি করতে উদ্যত হলে তিনি সুবহানের পা জড়িয়ে ধরে স্বামীর প্রাণভিক্ষা চান৷ সুবহান তাঁকে লাথি মেরে ফেলে দিলে এক পাকিস্তানি সেনা তাঁর স্বামীকে গুলি করে হত্যা করে৷ পরে স্বামীর বন্ধু শামসুল হককেও গুলি করে হত্যা করা হয়। পরে তিনি শোনেন, ওই দিন সুবহানের দেখানো মতে তাঁদের বাড়ির পাশে রহিম সর্দার, মাহমুদ সর্দার, গ্রামের পশ্চিম পাড়ার চান্দ আলী প্রামানিক, আক্তার প্রামানিক, আনার প্রামানিক, হামেজ উদ্দিন প্রামানিককেও হত্যা করা হয়৷ এ ছাড়া একই দিনে সুবহান ও পাকিস্তানি সেনারা ঈশ্বরদী কলেজের অধ্যক্ষ তৈয়বুর রহমানের বাড়িসহ ১০-১৫টি বাড়িতে লুটপাট করে ও আগুন ধরিয়ে দেয়৷ ওই দিন দুপুর পর্যন্ত সুবহান ও সেনারা এভাবে ধ্বংসাত্মক কাজ চালান৷ সুবহান ও পাকিস্তানি সেনারা চলে যাওয়ার পর তাঁর বাবার বাড়ি মানিকনগরে নিয়ে স্বামীর লাশ মাটিচাপা দেওয়া হয়৷ শামসুল হকের লাশও তাঁর বাবার বাড়িতে নিয়ে বাগানে মাটিচাপা দেওয়া হয়।
জাহানারা কান্নাজড়িত কণ্ঠে ঘটনার বর্ণনা দেন৷ তিনি আরও বলেন, ১৯৭০ সাল থেকে তিনি সুবহানকে চিনতেন৷ ওই সময় সুবহান তাঁদের এলাকায় দাঁড়িপাল্লা মার্কার জন্য ভোট চাইতে এসেছিলেন৷ সাক্ষী জবানবন্দির শেষপর্যায়ে আসামির কাঠগড়ায় থাকা সুবহানকে শনাক্ত করেন৷ জবানবন্দি শেষে এ মামলার কার্যক্রম রোববার পর্যন্ত মুলতবি করেন ট্রাইবুনাল৷