জামায়াতে ইসলামীর নায়েবে আমির মুহাম্মদ আবদুস সুবহানের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় গতকাল রোববার জবানবন্দি দিয়েছেন রাষ্ট্রপক্ষের অষ্টম সাক্ষী আশরাফ উদ্দিন মিয়া (৫৭)। জবানবন্দিতে তিনি বলেন, একাত্তরে সুবহানের নির্দেশে তাঁর বাবা ও বাবার এক সহকর্মীকে রাজাকাররা নির্যাতন করে।
বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইবু৵নাল-২-এ আশরাফ উদ্দিনের জবানবন্দি নেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি সুলতান মাহমুদ।
জবানবন্দিতে আশরাফ উদ্দিন বলেন, তাঁদের গ্রামের বাড়ি পাবনার ঈশ্বরদীর অরুণখোলা গ্রামে। একাত্তরে তাঁর বাবা আলাউদ্দিন মিয়া আনসার কমান্ডার ছিলেন। জ্যৈষ্ঠ মাসের প্রথম দিন সকালে খুদু খাঁ ও আরও ১৫-২০ জন রাজাকারকে নিয়ে সুবহান অরণখোলা হাটের একটি চায়ের দোকান ঘিরে ফেলেন এবং একপর্যায়ে তাঁর বাবা ও বাবার সহকর্মী জয়েনউদ্দিনকে নিয়ে ঈশ্বরদী ডাকবাংলোতে স্থাপিত রাজাকার ও পাকিস্তানি সেনাক্যাম্পে যান। তিন দিন পর তিনি (সাক্ষী), তাঁর চাচা জালাল উদ্দিন, জয়েনউদ্দিনের মা ও স্ত্রী মসুরিয়াপাড়ায় কসিমউদ্দিনের কাছে যান। কসিম তাঁদের ঈশ্বরদীর খুদু খাঁর কাছে নিয়ে গেলে খুদু খাঁ এ বিষয়ে সুবহানের সঙ্গে যোগাযোগের পরামর্শ দেন। পরে তাঁর চাচা তাঁদের আত্মীয় আল-এন্েতজাকে নিয়ে সুবহানের কাছে গিয়ে বুঝিয়ে বললে তিনি বাবা ও জয়েনউদ্দিনকে ছেড়ে দিতে সম্মত হন। পরে তিনি (সাক্ষী) আত্মীয়দের নিয়ে ডাকবাংলোর রাজাকার ক্যাম্প থেকে বাবা ও জয়েনউদ্দিনকে উদ্ধার করেন৷ নির্যাতনের কারণে তাঁরা দাঁড়াতে পারছিলেন না।
জবানবন্দিতে আশরাফ বলেন, তাঁর বাবা জানান, ডাকবাংলোতে চেয়ারে বসে থেকে সুবহান ও খুদু খাঁ রাজাকারদের দিয়ে তাঁদের ওপর নির্যাতন করাতেন। পঙ্গু অবস্থায় তাঁর বাবা ও জয়েনউদ্দিন দেশ স্বাধীন হওয়ার কয়েক বছর পর মারা যান।
জবানবন্দির শেষ পর্যায়ে আশরাফ উদ্দিন আসামির কাঠগড়ায় থাকা সুবহানকে শনাক্ত করেন। পরে ট্রাইবু৵নাল আজ সোমবার পর্যন্ত এ মামলার কার্যক্রম মুলতবি করেন৷