জামায়াতে ইসলামীর নায়েবে আমির মুহাম্মদ আবদুস সুবহানের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় আজ রোববার জবানবন্দি দিয়েছেন রাষ্ট্রপক্ষের অষ্টম সাক্ষী আশরাফ উদ্দিন মিয়া (৫৭)। জবানবন্দিতে তিনি বলেছেন, একাত্তরে সুবহানের নির্দেশে তাঁর বাবা ও বাবার এক সহকর্মীকে রাজাকাররা নির্যাতন করে। পরে সুবহান তাঁদের ছেড়ে দেন। নির্যাতনে দুজনই পঙ্গু হয়ে যান।
বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ আজ আশরাফ উদ্দিন মিয়ার জবানবন্দি নেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি সুলতান মাহমুদ। এ সময় আসামির কাঠগড়ায় সুবহান হাজির ছিলেন।
জবানবন্দিতে আশরাফ উদ্দিন বলেন, তাঁর বাবা আলাউদ্দিন মিয়া। তাঁদের গ্রামের বাড়ি পাবনার ঈশ্বরদীর অরুণখোলা গ্রামে। একাত্তরে তাঁর বয়স ছিল ১২-১৩ বছর।
একাত্তরে তাঁর বাবা আনসার কমান্ডার ছিলেন। জয়েনউদ্দিন ওরফে ঝড়ুর তাঁর বাবার সহকর্মী ছিলেন। ওই সময় বৈশাখ মাসের মাঝামাঝি একদিন সকালে সুবহান, পাকিস্তানি সেনা ও বিহারিরা তাঁদের বাড়িতে এসে তাঁর বাবার খোঁজ করে। বাবাকে না পেয়ে বিহারিরা তাঁদের বাড়িতে লুট করে একটি ঘরে আগুন ধরিয়ে দেয়। পরে সুবহান অন্যদের নিয়ে ঝড়ুর বাড়িতে গিয়ে তাঁকে না পেয়ে তাঁর বাড়িতেও আগুন দেয়। পাশেই ঝড়ুর আত্মীয় আছের আলী, জেহের আলীসহ আরও অনেকের বাড়িতে লুটের পর আগুন ধরিয়ে দেয় তারা।
সেখান থেকে সুবহানের নেতৃত্বে পাকিস্তানি সেনা, বিহারিরা তাঁদের গ্রামের হিন্দুপাড়ায় গিয়ে তাঁদের বাড়িতে লুট ও অগ্নিসংযোগ করে। এরপর লুণ্ঠিত মালামাল নিয়ে দুপুরের দিকে তারা ঈশ্বরদী চলে যান।
রাষ্ট্রপক্ষের সাক্ষী বলেন, একাত্তরের জ্যৈষ্ঠ মাসের প্রথম দিনে সকালে সুবহান, খুদু খাঁ ও আরও ১৫-২০ জন রাজাকার নিয়ে অরণখোলা হাটের একটি চায়ের দোকান ঘিরে আনসারদের খোঁজাখুঁজির একপর্যায়ে তাঁর বাবা ও ঝড়ুকে নিয়ে ঈশ্বরদী ডাকবাংলোতে স্থাপিত রাজাকার ও সেনা ক্যাম্পে নিয়ে যায়। ঘটনার তিন দিন পর তিনি, ঝড়ুর স্ত্রী, মা ও তাঁর চাচা জালাল উদ্দিন মিলে মসুরিয়াপাড়া কসিম উদ্দিনের কাছে যান। কসিম তাঁদের ঈশ্বরদীর খুদু খাঁর কাছে নিয়ে গেলে খুদু খাঁ এ বিষয়ে সুবহানের সঙ্গে যোগাযোগের পরামর্শ দেন। পরে তাঁর চাচা তাঁদের আত্মীয় আল-এন্তেজাকে নিয়ে সুবহানের কাছে গিয়ে বুঝিয়ে বললে সুবহান তাঁর বাবা ও ঝড়ুকে ছেড়ে দিতে সম্মত হন। পরে তিনি আত্মীয়দের নিয়ে ডাকবাংলোর রাজাকার ক্যাম্প থেকে তাঁর বাবা ও ঝড়ুকে উদ্ধার করে নিয়ে আসেন। সে সময় তাঁর বাবা ও ঝড়ু নির্যাতনের কারণে দাঁড়াতে পারছিলেন না। তাঁদের খাটিয়ায় করে বাড়ি আনা হয়।
জবানবন্দিতে আশরাফ উদ্দিন মিয়া আরও বলেন, তাঁর বাবা জানান, ডাকবাংলোতে চেয়ারে বসে থেকে সুবহান ও খুদু খাঁ রাজাকারদের মাধ্যমে তাঁদের ওপর নির্যাতন করাতেন। নির্যাতনের পর তাঁরা তাঁর বাবার চিকিত্সা করান। কিন্তু তিনি আর সম্পূর্ণ সুস্থ হতে পারেননি। সারা জীবন পঙ্গু থেকে তাঁর বাবা ও ঝড়ু দেশ স্বাধীনের কয়েক বছর পর মারা যান। জবানবন্দির শেষ পর্যায়ে আশরাফ উদ্দিন আসামির কাঠগড়ায় থাকা সুবহানকে শনাক্ত করেন। জবানবন্দি শেষে ট্রাইব্যুনাল আগামীকাল সোমবার পর্যন্ত এ মামলার কার্যক্রম মুলতবি করেন।