সুবহানের পক্ষে আইনি বিষয়ে যুক্তি রোববার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীর নায়েবে আমির মুহাম্মদ আবদুস সুবহানের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামিপক্ষের আইনি বিষয়ে যুক্তির জন্য আগামী রোববার দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।
বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল-২-এ গতকাল বৃহস্পতিবার অভিযোগের বিষয়ে সুবহানের পক্ষে যুক্তি শেষ করেন আসামিপক্ষের আইনজীবী মিজানুল ইসলাম। গতকাল তাঁর এক বক্তব্যে অসন্তোষ জানান ট্রাইব্যুনাল।
সুবহানের বিরুদ্ধে মুক্তিযুদ্ধকালে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের নয়টি অভিযোগ রয়েছে। এসব অভিযোগের ঘটনার ওপর যুক্তি শেষ করার সময় মিজানুল ইসলাম বলেন, আইনে ন্যায়বিচার নিশ্চিতের কথা বলা হয়েছে, কিন্তু সংবিধানে বাধা দেওয়া হয়েছে।
ট্রাইব্যুনাল বলেন, ‘আপনি ভয়ানক কথা বলেছেন। লাখ লাখ শহীদের প্রাণের বিনিময়ে এই সংবিধান লেখা হয়েছে। দেশবাসীর চিন্তা ও মতামত সংবিধানে প্রতিফলিত হয়েছে। জনগণের নির্বাচিত প্রতিনিধিরা এই সংবিধান প্রণয়ন করেছেন।’ ট্রাইব্যুনাল সংবিধানের প্রস্তাবনা পড়ে শোনান, যার এক জায়গায় বলা হয়েছে, ‘আমাদের রাষ্ট্রের অন্যতম মূল লক্ষ্য হবে গণতান্ত্রিক পদ্ধতিতে এমন এক শোষণমুক্ত সমাজতান্ত্রিক সমাজের প্রতিষ্ঠা—যেখানে সব নাগরিকের জন্য আইনের শাসন, মৌলিক মানবাধিকার এবং রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক সাম্য, স্বাধীনতা ও সুবিচার নিশ্চিত হবে।’
এ সময় মিজানুল ইসলাম সংবিধানের ৪৭ক অনুচ্ছেদের (১) ও (২) উপ-অনুচ্ছেদ ট্রাইব্যুনালের নজরে আনেন। এই বিধান অনুসারে, গণহত্যা, মানবতাবিরোধী অপরাধ বা যুদ্ধাপরাধ করেছে এমন ব্যক্তিদের ক্ষেত্রে সংবিধানের কতিপয় মৌলিক অধিকারের অনুচ্ছেদ কার্যকর হবে না।
ট্রাইব্যুনাল বলেন, সংবিধান বিশেষ ক্ষেত্রে এমন বিধান রাখতে পারে, কিন্তু এ জন্য সংবিধান নিয়ে এ ধরনের মন্তব্য করা যায় না। ট্রাইব্যুনাল মিজানুল ইসলামের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন বলে জানান।
এ সময় মিজানুল তাঁর বক্তব্য প্রত্যাহার করেন। তিনি বলেন, তাঁর মক্কেলের ন্যায়বিচারের স্বার্থে তিনি এ কথা বলেছেন। ট্রাইব্যুনাল বলেন, ন্যায়বিচার প্রত্যেকের অধিকার। আসামি তাঁর অধিকার হিসেবে ন্যায়বিচার পাবেন, ট্রাইব্যুনাল ন্যায়বিচার করার জন্যই আছেন।
পরে যুক্তি উপস্থাপন রোববার পর্যন্ত মুলতবি করেন ট্রাইব্যুনাল।