সুবহানের ফাঁসির আদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আবদুস সুবহান
আবদুস সুবহান

মুক্তিযুদ্ধকালে নৃশংসভাবে নিরস্ত্র মানুষকে হত্যাসহ মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতে ইসলামীর নায়েবে আমির মুহাম্মদ আবদুস সুবহানকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। তাঁকে ফাঁসির দড়িতে ঝুলিয়ে সাজা কার্যকরের আদেশ দেন ট্রাইব্যুনাল।
বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল গতকাল বুধবার এ রায় ঘোষণা করেন। ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য হলেন বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. শাহিনুর ইসলাম। রায়ে ট্রাইব্যুনাল বলেন, সুবহান যেসব গুরুতর অপরাধ করেছেন, একমাত্র সর্বোচ্চ সাজাই তাঁর অপরাধের শিকার ব্যক্তিদের ন্যায়বিচার নিশ্চিত করতে পারে।
সুবহানের বিরুদ্ধে নয়টি অভিযোগের মধ্যে ছয়টি সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে। এর মধ্যে শতাধিক নিরস্ত্র মানুষকে নৃশংসভাবে হত্যার প্রথম, চতুর্থ ও ষষ্ঠ অভিযোগে তাঁকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। দ্বিতীয় ও সপ্তম অভিযোগে হত্যা, লুণ্ঠন ও অগ্নিসংযোগের মতো মানবতাবিরোধী অপরাধে সহযোগিতার দায়ে তাঁকে আমৃত্যু কারাদণ্ড দেন ট্রাইব্যুনাল। আর তৃতীয় অভিযোগে নির্যাতনের দায়ে তাঁকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়। প্রমাণিত না হওয়া পঞ্চম, অষ্টম ও নবম অভিযোগ থেকে সুবহানকে খালাস দেন ট্রাইব্যুনাল।
গতকাল ছিল ট্রাইব্যুনাল-২-এর নবম রায়। আর ট্রাইব্যুনাল-১ সাতটি মামলার রায় দিয়েছেন। সুবহানের রায়ের মধ্য দিয়ে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে জামায়াতের নয়জন শীর্ষস্থানীয় নেতার বিচার শেষ হলো। এ ছাড়া দুই ট্রাইব্যুনালে বিএনপির তিনজন, জাতীয় পার্টির একজন ও আওয়ামী লীগের একজন স্থানীয় নেতার বিচার হয়েছে। ১৬টি মামলার মধ্যে তিনটি মামলার বিচার হয়েছে আসামি পলাতক অবস্থায়।
রায় ঘোষণা: ৭৯ বছর বয়সী সুবহানকে গতকাল সকাল নয়টার দিকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। বেলা ১১টার দিকে তাঁকে এজলাসে নেওয়া হয়। সোয়া ১১টার দিকে ১৬৫ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায়ের সংক্ষিপ্ত অংশ পড়া শুরু করেন ট্রাইব্যুনালের চেয়ারম্যান। আধা ঘণ্টার মধ্যে রায় ঘোষণা শেষ হয়।
রায়ে ট্রাইব্যুনাল বলেন, যেকোনো মামলায় আসামির বেশি বয়স সাজা দেওয়ার ক্ষেত্রে একটি বিবেচনার বিষয়। কিন্তু সুবহানের অপরাধ এতটাই নৃশংস ছিল যে সাজা কমানোর ক্ষেত্রে তাঁর বয়স বিবেচনা করা সম্ভব হয়নি।
আবদুস সুবহানের জন্ম পাবনার সদর উপজেলায়, ১৯৩৬ সালে। তিনি পাবনা জেলা জামায়াতের প্রতিষ্ঠাতা আমির ও মজলিশে শুরার সদস্য ছিলেন। ১৯৬২ ও ১৯৬৫ সালে তিনি জামায়াত থেকে প্রাদেশিক পরিষদের সদস্য নির্বাচিত হন। মুক্তিযুদ্ধ শুরুর পর পাবনায় শান্তি কমিটি গঠিত হলে সুবহান প্রথমে ওই কমিটির সাধারণ সম্পাদক ও পরে সহসভাপতি হন। ১৯৯১ ও ২০০১ সালেও তিনি সাংসদ নির্বাচিত হয়েছিলেন।
২০১২ সালের ২০ সেপ্টেম্বর বঙ্গবন্ধু সেতুর পূর্ব প্রান্ত থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সুবহানকে আটক করে। ২৩ সেপ্টেম্বর তাঁকে মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার দেখানো হয়। এর পর থেকে তিনি কারাগারে বন্দী আছেন।
তিন অভিযোগে ফাঁসি: প্রথম অভিযোগে বলা হয়, একাত্তরের ১৭ এপ্রিল সুবহানের নেতৃত্বে পাকিস্তানি সেনা ও স্থানীয় রাজাকাররা পাবনার ঈশ্বরদী পৌরসভার কেন্দ্রীয় জামে মসজিদ থেকে মোয়াজ্জেম হোসেন খান, মোতালেব আহমেদ খান, নাজমুল হক খানসহ ২০ জন নিরস্ত্র মানুষকে বের করে রেলওয়ের কয়লার ডিপোতে নিয়ে যায়। সেখানে তলোয়ার দিয়ে নৃশংসভাবে তাঁদের হত্যা করা হয়। এ অভিযোগে সুবহানকে মৃত্যুদণ্ড দেওয়া হয়।

তিন বছরে ১৭ জনের রায়
তিন বছরে ১৭ জনের রায়

চতুর্থ অভিযোগ ছিল, ২ মে সুবহানের নেতৃত্বে পাকিস্তানি সেনারা ঈশ্বরদীর সাহপুর গ্রামের অসংখ্য বাড়িঘর লুণ্ঠন ও অগ্নিসংযোগের পর ছয়জনকে হত্যা করে। ষষ্ঠ অভিযোগ অনুসারে, ১২ মে সুবহানের নেতৃত্বে পাকিস্তানি সেনারা সুজানগরের ১৫টি গ্রামে হামলা চালিয়ে প্রায় ৩০০ থেকে ৪০০ মানুষকে নির্বিচারে হত্যা এবং ঘরবাড়ি লুট ও অগ্নিসংযোগ করে।
প্রতিক্রিয়া: আইনমন্ত্রী আনিসুল হক সচিবালয়ে নিজ কার্যালয়ে গতকাল রায়ের পর সাংবাদিকদের কাছে সন্তোষ প্রকাশ করেন। সন্তুষ্টি প্রকাশ করেছে রাষ্ট্রপক্ষও। রাষ্ট্রপক্ষের কৌঁসুলি তুরিন আফরোজ বলেছেন, মুক্তিযুদ্ধের সময় সুবহান মসজিদ থেকে মুসল্লিদের ধরে এনে হত্যা করার মতো গর্হিত অপরাধ করেছেন।
আসামিপক্ষের আইনজীবী শিশির মনির বলেন, এ রায়ে ট্রাইব্যুনাল আইনগত ও তথ্যগত ভুল করেছেন। এ রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করা হবে।

তিন বছরে ১৭ জনের রায়

২০১৫
১. মুহাম্মদ আবদুস সুবহান*
২০১৪
২. মতিউর রহমান নিজামী*
৩. মীর কাসেম আলী*
৪. জাহিদ হোসেন খোকন*
৫. মোবারক হোসেন*
৬. সৈয়দ মো. কায়সার*
৭. এটিএম আজহারুল ইসলাম*
২০১৩
৮. আবুল কালাম আযাদ*
৯. আবদুল কাদের মোল্লা*
১০. দেলাওয়ার হোসাইন সাঈদী**
১১. মুহাম্মদ কামারুজ্জামান*
১২. গোলাম আযম***
১৩. আলী আহসান মোহাম্মাদ
১৪. মুজাহিদ*
১৫. সালাউদ্দিন কাদের চৌধুরী*
১৬. আবদুল আলীম**
১৭. চৌধুরী মুঈনুদ্দীন*
১৮. আশরাফুজ্জামান খান*
* ফাঁসি ** আমৃত্যু কারাদণ্ড *** ৯০ বছর