সুবহানের বিচার শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীর নায়েবে আমির মুহাম্মদ আবদুস সুবহানের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার বিচার শুরু হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ গতকাল মঙ্গলবার তাঁর বিরুদ্ধে একাত্তরে গণহত্যা ও হত্যা, অপহরণ, লুণ্ঠন, অগ্নিসংযোগ প্রভৃতি মানবতাবিরোধী অপরাধের নয়টি অভিযোগ গঠন করেন।
বিচারপতি এ টি এম ফজলে কবীর, বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি আনোয়ারুল হকের সমন্বয়ে গঠিত ট্রাইব্যুনাল-১ এ আদেশ দেন। ২৮ জানুয়ারি সুবহানের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের সূচনা বক্তব্য ও রাষ্ট্রপক্ষের সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করা হয়েছে।
সুবহানের বিরুদ্ধে প্রথম থেকে তৃতীয় অভিযোগ গঠনের আদেশে ট্রাইব্যুনাল বলেন, একাত্তরের ১৭ এপ্রিল সুবহানের নেতৃত্বাধীন পাকিস্তানি সেনা ও স্থানীয় রাজাকাররা পাবনার ঈশ্বরদী পৌরসভার কেন্দ্রীয় জামে মসজিদ থেকে তিন ব্যক্তিকে অপহরণ করে ঈশ্বরদী রেলওয়ের কয়লার ডিপোতে নিয়ে আটকে রেখে নির্যাতন করে। পরদিন তাঁদের হত্যা করা হয়। ১৩ এপ্রিল তাঁর নেতৃত্বে পাকিস্তানি সেনারা ঈশ্বরদী থানার পাকশী ইউনিয়নের যুক্তিতলা গ্রাম ও সংলগ্ন কয়েকটি বাড়িঘরে লুটপাটের পর আগুন দেয় এবং হত্যাযজ্ঞ চালায়। এপ্রিলের শেষ সপ্তাহে এবং মে মাসের ১৬ থেকে ১৯ তারিখের মধ্যে ঈশ্বরদীর অরণখোলা গ্রামে লুণ্ঠন, অগ্নিসংযোগ, অপহরণের পর আটকে রেখে নির্যাতনের ঘটনা ঘটে। এসব অপরাধে পাকিস্তানি সেনাদের সঙ্গে সুবহান জড়িত ছিলেন।
চতুর্থ ও পঞ্চম অভিযোগে বলা হয়েছে, একাত্তরের ২ মে ফজরের নামাজের পর ঈশ্বরদীর সাহাপুর গ্রামে পাকিস্তানি সেনারা ব্যাপক লুণ্ঠন ও হত্যাযজ্ঞ চালায়। ১১ মে পাবনা সদর থানার দোগাছি গ্রামের হরিপদ সাহার বাড়ি, দোগাছি বাজার, চাঁদ আলী প্রামাণিকের বাড়িতে অগ্নিসংযোগ ও কুলুনিয়া গ্রামে হত্যাযজ্ঞ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এসব অপরাধের সঙ্গে পাকিস্তানি সেনাদের পাশাপাশি সুবহানের সংশ্লিষ্টতা ছিল।
ষষ্ঠ অভিযোগ অনুসারে, একাত্তরের ১২ মে ভোর ছয়টা থেকে সুবহানের নেতৃত্বাধীন রাজাকাররা ও পাকিস্তানি সেনারা পাবনার সুজানগর থানার সাতবাড়িয়া ইউনিয়নের মোমরাজপুর গ্রাম, কুড়িপাড়া প্রাথমিক বিদ্যালয়ের সামনের রাস্তা, ফকিৎপুর গ্রাম, কন্দর্পপুর গ্রামের কাছে পদ্মা নদীর পাড় ও গুপিনপুর গ্রামে আওয়ামী লীগের নেতা-কর্মী ও হিন্দু জনগোষ্ঠীর ওপর অভিযান চালায়। ওই অভিযানে প্রায় ৪০০ লোক গণহত্যার শিকার হন। অভিযানে এসব এলাকায় ব্যাপক লুটপাট ও অগ্নিসংযোগ চলে।
অভিযোগ গঠনের আদেশে আরও বলা হয়, একাত্তরের ২০ মে পাবনা সদর থানার ভাড়ারা গ্রামের হত্যাকাণ্ডে পাকিস্তানি সেনাদের সঙ্গে সুবহান জড়িত ছিলেন। সেপ্টেম্বরের প্রথম সপ্তাহের কোনো এক দিন পাবনার আতাইকুলা থানার দুবলিয়া বাজারের গোবিন্দের চায়ের দোকান থেকে কলিমউদ্দিন খাঁসহ দুজনকে অপহরণের পর নির্যাতন ও হত্যা করা হয়। ৩০ অক্টোবর ঈশ্বরদীর বেতবাড়িয়া গ্রামের সফিউদ্দিন প্রামাণিকের বাড়ি, রামনাথপুরের সাবেদ আলীর বাড়িসহ বিভিন্ন জায়গায় লুণ্ঠন ও অগ্নিসংযোগ করে পাকিস্তানি সেনারা। এসব অপরাধের সঙ্গে সুবহানের সংশ্লিষ্টতা রয়েছে।
অভিযোগগুলো পড়ে শোনানো শেষে ট্রাইব্যুনাল সুবহানের কাছে জানতে চান, তিনি দোষী না নির্দোষ? জবাবে সুবহান দাবি করেন, তিনি নির্দোষ। তাঁর বিরুদ্ধে আনা সব অভিযোগ মিথ্যা। পরে ট্রাইব্যুনাল রাষ্ট্রপক্ষের সূচনা বক্তব্য ও সাক্ষ্য গ্রহণের জন্য ২৮ জানুয়ারি দিন ধার্য করেন।
গত বছরের ২০ সেপ্টেম্বর পাবনার একটি ফৌজদারি মামলায় সুবহানকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গ্রেপ্তার করে এবং ২৩ সেপ্টেম্বর তাঁকে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আটক দেখানো হয়। ওই সময় থেকে তিনি কারাগারে রয়েছেন।
সুবহানের বিরুদ্ধে মামলাটিসহ ট্রাইব্যুনাল-১-এ বর্তমানে চারটি মামলা বিচারাধীন। বাকি তিনটি মামলা চলছে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলাম, ফরিদপুরের নগরকান্দা পৌরসভার মেয়র ও বিএনপির নেতা পলাতক জাহিদ হোসেন এবং ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার মোগড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক নেতা মোবারক হোসেনের বিরুদ্ধে। জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার কার্যক্রম শেষ হলেও রায় অপেক্ষমাণ রয়েছে।
ট্রাইব্যুনাল-১ ইতিমধ্যে জামায়াতের সাবেক আমির গোলাম আযম ও নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদী এবং বিএনপির নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে মামলার রায় দিয়েছেন।