
জামায়াতে ইসলামীর নায়েবে আমির মুহাম্মদ আবদুস সুবহানের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। আগামী ২ অক্টোবর তাঁর বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে শুনানির দিন ধার্য করা হয়েছে।
বিচারপতি এ টি এম ফজলে কবীরের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল-১ গতকাল বৃহস্পতিবার আদেশে বলেন, আসামি সুবহানের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের দাখিল করা আনুষ্ঠানিক অভিযোগ, সাক্ষীদের জবানবন্দি ও আনুষঙ্গিক দালিলিক নথিপত্র পর্যালোচনা করে প্রাথমিক অভিযোগ পাওয়া গেছে। এ জন্য তাঁর বিরুদ্ধে অভিযোগ আমলে নেওয়া হলো। ২ অক্টোবর অভিযোগ গঠনের বিষয়ে শুনানি হবে।
মানবতাবিরোধী অপরাধ তদন্ত সংস্থা ১২ সেপ্টেম্বর সুবহানের বিরুদ্ধে তদন্ত শেষ করে। ১৫ সেপ্টেম্বর তাঁর বিরুদ্ধে মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যার নয়টি অভিযোগসহ আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে রাষ্ট্রপক্ষ। এসব অভিযোগের পক্ষে তদন্ত কর্মকর্তাসহ ৪৩ জন সাক্ষীর জবানবন্দিও দাখিল করা হয়।
২০১২ সালের ২০ সেপ্টেম্বর পাবনার একটি ফৌজদারি মামলায় সুবহানকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ২৩ সেপ্টেম্বর তাঁকে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আটকাদেশ দেন ট্রাইব্যুনাল-১। ওই সময় থেকে তিনি কারাগারে রয়েছেন।
রাষ্ট্রপক্ষ জানায়, একাত্তরে মুক্তিযুদ্ধকালে পাবনায় শান্তি কমিটি গঠিত হলে সুবহান ছিলেন ওই কমিটির সাধারণ সম্পাদক। ওই কমিটি বাতিল করে নতুন কমিটি গঠিত হলে সুবহানকে সহসভাপতি করা হয়।